শৈত্যপ্রবাহ অব্যাহত থাকবে

আপডেট : ১৯ জানুয়ারি ২০১৫, ১৩:৩১

দেশের বিভ্ন্নি অঞ্চলের উপর দিয়ে যে মৃদু শৈত্যপ্রবাহ চলছে তা অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। সোমবার সকালে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, সারাদেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। এছাড়া মধ্যরাত থেকে দুপুর পর্যন্ত সারা দেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। এছাড়া আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলাসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে।

আবহাওয়া অধিদফতরের সহকারী পরিচালক সানাউল হক দণ্ডল ইত্তেফাককে জানান, আগামীকাল মঙ্গলবার পর্যন্ত এই শৈত্যপ্রবাহ অপরিবর্তিত থাকবে। এরপর ক্রমান্বয়ে তাপমাত্রা কিছুটা বাড়তে পারে। তবে দুই একদিনের মধ্যে আবারো শৈত্যপ্রবাহ শুরু হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

আবহাওয়া দৃশ্যপটের সংক্ষিপ্তসারে বলা হয়, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন বাংলাদেশের উত্তর-পশ্চিমাংশ পর্যন্ত বিস্তৃত। স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে যার বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত।