ইসরাইলি প্রেসিডেন্ট রিউভেন রিভলিন আন্তর্জাতিক অপরাধ আদালত বা জাতিসংঘে তৎপরতার পরিবর্তে নতুন করে শান্তি আলোচনা শুরু করতে ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসকে আহ্বান জানিয়েছেন। খবর: এএফপির।
রিপাবলিকান জন ম্যাককেইনের নেতৃত্বে মার্কিন সিনেটরদের একটি প্রতিনিধি দলের সফরকালে রিভলিন বলেন, সরাসরি আলোচনা ছাড়া আর কোন পথ নেই। একতরফা পদক্ষেপ সংঘাতের সমাধান করতে পারবে না, বরং চরমপন্থীদের আরো শক্তিশালী করবে।
তিনি বলেন, আমি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের প্রতি আহবান জানাচ্ছি, হেগ বা জাতিসংঘে না গিয়ে, জেরুজালেম আসেন। ইসরাইলি সরকার ও জনগণের সঙ্গে সরাসরি আলোচনা করুন।
ইসরাইলি সেনাবাহিনী গত বছরের জুলাই ও আগস্ট মাসে ফিলিস্তিনের গাজা উপত্যকায় ব্যাপক অভিযান চালায়। তখন উভয় পক্ষই একে অন্যের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ তোলে। ঐ সময় গাজায় দুই হাজারেরও বেশি মানুষ নিহত হয়, যাদের মধ্যে বেশিরভাগই ছিল বেসামরিক। গাজা থেকে ফিলিস্তিনি কট্টর সংগঠন হামাসের রকেট নিক্ষেপ বন্ধ করার জন্যই ওই অভিযান চালানো হয় বলে দাবি করেছিল ইসরাইল। এরপর নেদারল্যান্ডসের হেগভিত্তিক আইসিসিতে ইসরাইলের বিরুদ্ধে যুদ্ধাপরাধ করার অভিযোগ আনে ফিলিস্তিনিরা। গত মাসে তারা সংস্থাটির সদস্যপদ পেতে আনুষ্ঠানিক আবেদন করে। আগামী ১ এপ্রিল থেকে ফিলিস্তিন আইসিসির পূর্ণাঙ্গ সদস্য হিসেবে বিবেচিত হবে।
আইসিসির কৌঁসুলিরা শুক্রবার জানান, গত বছরের ১৩ জুলাই পর্যন্ত গাজায় ইসরাইলের কর্মকাণ্ড একেবারে স্বাধীন ও নিরপেক্ষভাবে খতিয়ে দেখা হবে।
ইসরাইলের দখলদারিত্বের অবসানে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে একটি প্রস্তাব পাসের চেষ্টা করেছিল ফিলিস্তিন। তবে তা বাতিল হয়ে যায়। ইসরাইল ও তার ঘনিষ্ঠ মিত্র যুক্তরাষ্ট্র তীব্রভাবে এর নিন্দা জানায়।
নয় মাস আগে ইসরাইল ও ফিলিস্তিনের মধ্যে শান্তি আলোচনা কোন ধরণের দৃশ্যমান ফলাফল ছাড়াই ভেস্তে যায়।
