চাঁদপুরের ফরিদগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে মাদক মামলার গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত পলাতক আসামি জহির হোসেনকে বিদেশি পিস্তল ও ২৭ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করেছে পুলিশ। এছাড়া তার আরেক সহযোগী ইয়াবা ব্যবসায়ী শাকিলকে ১৩পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টার সময় পৌরসভার কাছিয়ারা পাটওয়ারী বাড়িতে অভিযান পরিচালনা করে পুলিশ ওই আসামিদের আটক করে।
থানা পুলিশ সূত্রে জানা যায়, মাদক কারবারী জহিরের বিরুদ্ধে ফরিদগঞ্জ থানায় ৮টি মামলা রয়েছে। ওই মামলাগুলোর মধ্যে ৪টি মামলায় পলাতক থাকায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। এদিকে, গোপন সংবাদের ভিত্তিতে সংশ্লিষ্ট থানার অফিসার ইনচার্জ মো. হারুন অর রশিদের নেতৃত্বে এস আই নূরুল ইসলাম, মঞ্জুর আলম রাত সাড়ে ১২টার দিকে পৌর সদরের পাটওয়ারী বাড়িতে অভিযান চালান। এসময় মাদক ব্যবসায়ী জহিরকে (২৬) একটি বিদেশি ৭.৬৫ পিস্তল, ২৭ পিস ইয়াবাসহ এবং শাকিলকে (২১) ১৩ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা পাটওয়ারী বাড়িতে নেছার আহম্মেদের বাসা ভাড়া নিয়ে থাকতো।
আরও পড়ুন: দুই ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি পাকিস্তানের, পাইলট ‘আটক’
থানা অফিসার ইনচার্জ মো. হারুন অর রশিদ চৌধুরী বলেন, ‘মাদকের মামলার পলাতক আসামি জহিরকে বিদেশি পিস্তল ও ইয়াবা এবং শাকিলকে ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে অস্ত্র ও মাদক বিরোধী আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হচ্ছে।’
ইত্তেফাক/কেকে
