আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপি নেত্রী খালেদা জিয়াকে সম্মান দেখিয়ে এখনো গ্রেপ্তার করা হয়নি। তবে দেশবাসী চাইলে সরকার যথাসময়ে যথাযথ ব্যবস্থা নেবে।’
সোমবার দুপুরে রাজধানীর ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনে তিনি এ কথা বলেন। দেশের সামপ্রতিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে দলের পক্ষ থেকে এ সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়।
হাছান মাহমুদ বলেন, শান্তিপূর্ণ সমাবেশ করতে চাইলে বিএনপিকে সহযোগিতা করবে সরকার। খালেদা জিয়ার গুলশানের রাজনৈতিক কার্যালয়কে ‘সমস্ত সন্ত্রাসের হেডকোয়ার্টার’ উল্লেখ করে হাছান মাহমুদ বলেন, কোনো পাড়ায় যখন ডাকাতের আক্রমণ হয়, তখন তারা (পাড়ার অধিবাসীরা) ডাকাতদের সঙ্গে আলোচনা করে না। তারা ডাকাতদের বিতাড়িত করে, প্রতিহত করে। বাংলাদেশে রাজনীতির নামে যারা ডাকাতি করছে, তাদের তাড়াতে হবে, বিতাড়িত করতে হবে। রাজনৈতিক সহিংসতার কথা তুলে ধরে হাছান মাহমুদ বলেন, যারা নৈরাজ্য করে, জীবন্ত মানুষ মারে, তাদের সঙ্গে সংলাপ হতে পারে না।
