গেরিলা বাহিনীর সদস্যদের তালিকা বাতিলের সিদ্ধান্ত স্থগিত

আপডেট : ১৯ জানুয়ারি ২০১৫, ২১:১৬
গেরিলা বাহিনীর সদস্যদের নাম সম্বলিত প্রায় আড়াই হাজার মুক্তিযোদ্ধার প্রকাশিত তালিকা বাতিলের সরকারি সিদ্ধান্ত তিন মাসের জন্য স্থগিত করেছে হাইকোর্ট। বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও বিচারপতি মো. খসরুজ্জামানের ডিভিশন বেঞ্চ সোমবার এই আদেশ দেন।
এছাড়া ওই সরকারি সিদ্ধান্তকে কেন আইনগত কর্তৃত্ব বহির্ভূত ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করা হয়েছে। আগামী চার সপ্তাহের মধ্যে আইন সচিব, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিবসহ সংশ্লিষ্টদেরকে রুলের জবাব দিতে বলা হয়েছে।
জানা গেছে, গেরিলা বাহিনীর ২ হাজার ৩৬৭ সদস্যের নাম অন্তর্ভূক্ত করে ২০১৩ সালের ২২ জুলাই মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় একটি প্রজ্ঞাপন প্রকাশ করে।
গত বছরের ২৯ অক্টোবর এক প্রজ্ঞাপনের মাধ্যমে ওই নাম সম্বলিত গেজেট বাতিল করে সরকার। এই তালিকা বাতিলের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করেন ওই গেরিলা বাহিনীর ডেপুটি কমান্ডার ও ইউনাইটেড ন্যাশনাল আওয়ামী পার্টি (ঐক্য ন্যাপ) সভাপতি পঙ্কজ ভট্টাচার্য।
সরকারি গেজেটে এই বাহিনীর সদস্যদের নাম সম্বলিত তালিকা প্রকাশিত হতে থাকে। কিন্তু কোন কারন দর্শানো ব্যতিরেকে সরকার ওই নাম সম্বলিত গেজেটে বাতিল করে। এটা বেআইনি। আবেদনের পক্ষে অ্যাডভোকেট মো. জাহিদুল বারি, অ্যাডভোকেট তবারক হোসাইন ও রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. খোরশেদ আলম শুনানি করেন। শুনানি শেষে হাইকোর্ট অন্তবর্তিকালীন আদেশ ও রুল জারি করে।