বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এখন অবরোধ এবং বিধি নিষেধমুক্ত। রবিবার রাত আড়াইটার পর তার গুলশানের কার্যালয় থেকে পুলিশি ব্যারিকেড অপসারিত হয়েছে। কিন্তু বেগম জিয়া অবরোধ শেষ না হওয়া পর্যন্ত এই কার্যালয়েই অবস্থান করবেন বলে জানিয়েছে তার ঘনিষ্ঠ কর্মকর্তারা। গুলশান-২ এর ৮৬ নম্বর রোডের এই কার্যালয় থেকে অদূরেই তার বাসভবন।
আজ সোমবার জিয়াউর রহমানের ৭৯ তম জন্মবার্ষিকীতেও তিনি এই কার্যালয় থেকে বের হয়ে শেরে বাংলা নগরে জিয়ার মাজারে পুস্পস্তবক অর্পন করতে যাননি। গুলশানের কার্যালয়ে বেগম জিয়ার সঙ্গে অবস্থানরত দলের একজন নেতা বলেন, ‘চেয়ারপারসন সরকারের কোনো ’ফাঁদে’ পা দিবেন না। সরকার তার কার্যালয়ের ব্যারিকেড তুলে নিয়ে কি করতে চায় তা তিনি ভালো করেই জানেন।’
গত ১৬ দিন ধরে কার্যালয়টিতে অবস্থানরত দলের ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান বলেন, ‘আমাদের অবরোধ কর্মসূচি চলছে। চলবে। কর্মসূচি চলাকালীন ম্যাডাম কার্যালয়েই অবস্থান করবেন। তিনি বাসায় যাবেন না।’
গুলশান অফিস সূত্রে জানা গেছে, সোমবার বেগম খালেদা জিয়া প্রায় সবগুলো জেলার নেতাদের সঙ্গে কথা বলেছেন। তাদেরকে অবরোধ কড়া করার নির্দেশনা দিয়েছেন। তিনি বলেছেন, ইজতেমার জন্য আমরা অবরোধ কিছুটা শিথিল করেছিলাম। ইজতেমার গাড়ী চলাচলে নমনীয় ছিলাম। এখন আর কোন ছাড় দেয়া চলবে না।
