গোপালগঞ্জে দলীয় মনোনয়ন দেয়নি আওয়ামী লীগ

আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০১৯, ১৬:৫২

উপজেলা নির্বাচনে গোপালগঞ্জের পাঁচ উপজেলায় কোনো প্রার্থীকে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন দেওয়া হয়নি। তৃতীয় ধাপে উপজেলা নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে গোপালগঞ্জ সদর, কোটালীপাড়া, টুঙ্গিপাড়া, কাশিয়ানী ও মুকসুদপুরে আওয়ামী লীগের ২৩ জন প্রার্থী চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেছেন।

এই পাঁচটি উপজেলায় বিএনপি দলীয় কোনো প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন নি। ফলে গোপালগঞ্জের পাঁচটি উপজেলায় নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থীদের মধ্যেই প্রতিদ্বন্দ্বিতা হবে। 

কাশিয়ানীর ভোটার কামাল হোসেন, গোপালগঞ্জের ভোটার রহমত শেখ, কোটালীপাড়ার ভোটার মিজানুর রহমান, টুঙ্গিপাড়ার ভোটার পিন্টু শেখ ও মুকসুদপুরে ভোটার কবির হোসেন বলেন, এখানে প্রায় সব ভোটার আওয়ামী লীগের নেতা, কর্মী ও সমর্থক। উপজেলা  নির্বাচনে আওয়ামী লীগ দলীয় মনোনয়ন না দিয়ে ভালো করেছে। এখানে আওয়ামী লীগের মধ্যেই প্রতিদ্বন্দ্বিতা সীমাবদ্ধ থাকবে। এ নির্বাচনে প্রার্থীরা আমাদের মূল্যায়ন করবেন।
 
এ বিষয়ে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান বলেন, এ জেলার পাঁচ উপজেলায়  আওয়ামী লীগ ছাড়া অন্য কোনো দলের প্রার্থী নেই। তাই গোপালগঞ্জের পাঁচ উপজেলায় মনোনয়ন বোর্ডের সভাপতি প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা মনোনয়ন উন্মুক্ত করে দিয়েছেন। এখানে যে যার মত করে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ পেয়েছেন। মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে উপজেলা গুলোর নির্বাচনে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতারা চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেছেন। এখানে আওয়ামী লীগের সঙ্গে আওয়ামী লীগের প্রতিদ্বন্দ্বিতা হবে। এতে ভোটারা মূল্যায়িত হবেন। আমরা নেতা কর্মীদের তাদের পছন্দের প্রার্থীদের পক্ষে কাজ করতে বলেছি। আশাকরি এ জেলায় শান্তিপূর্ণ ভোট হবে।

আরো পড়ুন: ‘পারমাণবিক বোমার ট্রিগার টেপলে উপমহাদেশের সবাই মরবে’

উল্লেখ্য আগামী ২৪ মার্চ তৃতীয় ধাপে  গোপালগঞ্জের পাঁচ উপজেলার নির্বাচন অনুষ্ঠিত হবে। 

ইত্তেফাক/অনি