ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী এবং ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেছেন, বিএনপি-জামায়াতের অবরোধ ও হরতাল কর্মসূচি নামে সকল নাশকতার হুকুমের আসামি হিসেবে বেগম খালেদা জিয়াকে গ্রেফতারের জন্য সরকারের প্রতি আহবান জানাই। মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের সামনে মুক্তিযোদ্ধা প্রজম্ম লীগের উদ্যোগে আয়োজিত এক মানববন্ধনে তিনি এই আহ্বান জানান। খবর: বাসসের।
মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেন, যারা এসব নাশকতার পরিকল্পনাকারী এবং অর্থের যোগানদাতা-তাদেরও গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেয়ার জন্য সরকারের প্রতি অনুরোধ জানাচ্ছি।
তিনি বলেন, খালেদা জিয়া দুর্নীতির মামলা থেকে রেহাই এবং তার ছেলে তারেক রহমানকে রক্ষা করার জন্য দেশের ভাগ্য নিয়ে ষড়যন্ত্র করছেন। তার এই ষড়যন্ত্রকে সফল করার জন্য পাকিস্তানি গোয়েন্দা সংস্থা আইএসআই অর্থের যোগান দিচ্ছে। এই গণতান্ত্রিক সরকারের সময় তার এই ষড়যন্ত্র সফল হবে না।
মায়া বলেন, নাশকতার মাধ্যমে ক্ষমতায় যাওয়ার ষড়যন্ত্র যারাই করুন- তাদের ষড়যন্ত্র কখনো সফল হবে না।
তিনি বলেন, দেশে ২০১৯ সালের ৫ জানুয়ারির আগে কোন জাতীয় নির্বাচন হবে না। সংবিধান অনুযায়ী নির্ধারিত সময়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনেই আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।
