বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে পেট্রোল বোমা নেত্রী উল্লেখ করে আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সমপাদক ড.হাছান মাহমুদ বলেছেন,পেট্রোল বোমা দিয়ে মানুষ হত্যার রাজনীতি করছে বিএনপি। যে জনগণ ভোট দিয়ে সরকার নির্বাচিত করে বিএনপি-জামায়াত সেই জনগণের উপরেই পেট্রোলবোমা ছুড়ে মারছে। মঙ্গলবার সকালে ঢাকা রিপোটার্স ইউনিটিতে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
হাছান মাহমুদ বলেন, বিএনপি নেত্রী দিনের পর দিন অবরোধ কর্মসূচি দিয়ে দেশব্যাপী সহিংসতা চালাচ্ছেন। দুই বছরের শিশু,অন্তঃসত্ত্বা, দিনমজুর এমনকি আইনশৃঙ্খলা বাহিনীও খালেদা জিয়া ও তার দলের সন্ত্রাসীদের এমন পৈশাচিকতা থেকে রেহাই পায়নি। পেট্রোলবোমা নিক্ষেপ করে এমন করে মানুষ হত্যার ঘটনা সমসাময়িক বিশ্বে কোথাও ঘটেনি, ঘটছেও না।
অব্যাহত সন্ত্রাস ও নৈরাজ্যের নির্দেশ দেয়ার কারণে খালেদা জিয়া জনগণের ক্রোধের আগুনে পুড়ে ছাই হবেন এমন মন্তব্য করে হাছান মাহমুদ বলেন, হরতাল-অবরোধের নামে বিএনপির সন্ত্রাসীরা প্রায় ৪০ জন নিরীহ মানুষকে হত্যা করেছে। এভাবে আর কিছুদিন চলতে থাকলে দেখা যাবে বিক্ষুব্ধ খালেদা জিয়াকে জনগণ ঘেরাও করবেন।
সংবাদ সম্মেলনে বেগম জিয়ার অবরোধ অব্যাহত রাখার বিষয়ে তিনি বলেন, জনগণ আশা করেছিলো খালেদা জিয়া ক্ষমা চেয়ে অবরোধ প্রত্যাহারের ঘোষণা দেবেন। কিন্তু অবরোধ প্রত্যাহার না করে আসলে তিনি পেট্রোল বোমা মেরে মানুষ হত্যার ঘোষণা দিয়েছেন।
হরতাল-অবরোধসহ চলমান সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে ঠিকানা ৭১ এই আলোচনা সভার আয়োজন করে।
