খালেদা জিয়ার অবরোধে গণতন্ত্র মার খাচ্ছে: তথ্যমন্ত্রী

আপডেট : ২০ জানুয়ারি ২০১৫, ১৭:৪৯
 
 
 
 
 
 
তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, ‘বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়ার অবরোধে গণতন্ত্র মার খাচ্ছে—মানুষ পুড়ছে, যানবাহন পুড়ছে। অশান্তিতে পুড়ছে সারা দেশের মানুষ। আর খালেদা জিয়া তাতে শান্তি পাচ্ছেন। এ অবস্থা বেশি দিন চলতে দেয়া যায় না। এ জন্য সব ধরনের আইনি ব্যবস্থা প্রয়োগে সরকার প্রস্তুত। বিএনপির সাথে এ মুহূর্তে সংলাপের প্রস্তাব যুদ্ধাপরাধী-জঙ্গিবাদকে বৈধতা দেয়ার ষড়যন্ত্র মাত্র। এটা জেনে-বুঝেও যারা সংলাপের কথা বলছেন, তারা বিএনপিকে ভুল রাজনীতির পথেই উত্সাহিত করছেন।’ মঙ্গলবার সচিবালয়ে তথ্য অধিদপ্তর আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ সব কথা বলেন।
হাসানুল হক ইনু বলেন, ‘প্রকাশ্যে ঘোষণা ও উসকানি দিয়ে আগুনে পুড়িয়ে মানুষ মারা, জনগণের জানমাল ধ্বংস করার জন্য খালেদা জিয়া ও তারেক রহমানের বিরুদ্ধে হত্যা মামলা হবে না কেন? তারা মিথ্যাকে শিল্পে পরিণত করেছেন। খালেদা জিয়ার গুলশান কার্যালয় মিথ্যাচার উত্পাদনের কারখানায় পরিণত হয়েছে।’
তথ্যমন্ত্রী বলেন, ‘খালেদা জিয়াকে সন্ত্রাস, নাশকতা, অন্তর্ঘাত, সহিংসতা ও ধ্বংসাত্মক রাজনীতির পথ ছেড়ে এবং যুদ্ধাপরাধী-জঙ্গিবাদীদের সঙ্গে দোস্তি ছেড়ে গণতান্ত্রিক রাজনীতিতে ফিরে আসার জন্য গণতন্ত্র গেট পাস সংগ্রহ করার আহ্বান জানাচ্ছি। একই সঙ্গে আগুন নিয়ে খেলা বন্ধ করে জনগণের জন্য একটু মায়া, করুণা ও রহম আনার আহ্বান জানাচ্ছি।’
সংবাদ সম্মেলনে সাম্প্র্রতিক রাজনৈতিক পরিস্থিতি তুলে ধরা হয়। এ সময় প্রধান তথ্য কর্মকর্তা তছির উদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন।