গত কয়েকদিনে অজ্ঞাত রোগে কয়েকজনের মৃত্যুর পর ঠাকুরগাঁওয়ের বীরগঞ্জ এলাকা পরিদর্শনে গেছেন সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা বিভাগের বিশেষজ্ঞ দল। মঙ্গলবার (২৬ ফেব্রুয়ারি) তারা অজ্ঞাত রোগে আক্রান্তদের দেখতে রংপুর মেডিকেল যান।
আইইডিসিআরের বিশেষজ্ঞ দলটি পরিস্থিতি পর্যবেক্ষণে সকালে জেলা প্রশাসক ও সিভিল সার্জনের সঙ্গে দেখা করেন। তার বালিয়াডাঙ্গীর মরিচপাড়া গ্রামে গিয়ে মৃত ব্যক্তিদের ব্যবহৃত বিভিন্ন নমুনা সংগ্রহ করেন। এদিকে, আতংকে ঘরবাড়ি ছেড়ে অন্যত্র চলে যাচ্ছেন অনেকে।
সার্বক্ষণিক চিকিৎসা দিতে ঘটনাস্থলে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে একটি মেডিকেল টিম বসানোর পাশাপাশি খোলা হয়েছে কন্ট্রোল রুম।
ঝুঁকি মোকাবেলায় বিতরণ করা হচ্ছে বিশেষ মুখোশ। ওই এলাকায় শিক্ষা প্রতিষ্ঠান বন্ধসহ জনগণের চলাচলে সাময়িক নিষেধাজ্ঞা তুলে নিয়েছে প্রশাসন।
ঠাকুরগাঁওয়েরর ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা: শাহাজাহান নেওয়ার বলেন, মেডিকেল টিম কাজ শুরু করেছে। আরো একটি টিম রাজশাহী থেকে আসবে।সকল নমুনা সংগ্রহ করে ল্যাবে পাঠানোর পর বলা যাবে আসলে কোন রোগে আক্রান্ত ওই ৫ জন মারা গেছেন।
আরো পড়ুন: বিচারকের স্বাক্ষর জাল করায় সহকারীর কারাদণ্ড
তিনদিন পার হয়ে যাওয়ার পরে নতুন করে কেউ আক্রান্ত না হওয়ায় এটি কোনো ভাইরাস হতে পারে না বলে ধারনা করছেন চিকিৎসকরা। আতংকিত না হওয়ার জন্য এলাকাবাসীকে পরামর্শ দেন সিভিল সার্জন।
উল্লেখ্য, বালিয়াডাঙ্গিতে ৯ ফেব্রুয়ারি থেকে ১৫ দিনের মধ্যে অজ্ঞাত রোগে অসুস্থ হয়ে মারা গেছেন ৫ জন। আরো ৭ জন অসুস্থ হয়ে রংপুর মেডিকেলে চিকিৎসাধীন রয়েছেন।
ইত্তেফাক/অনি
