কিলার ক্যামেল

আপডেট : ২১ জানুয়ারি ২০১৫, ০০:১৯

ভারতে একটি উট পরিচিতি পেয়েছে ‘কিলার ক্যামেল’ হিসেবে। ওই উটটি দুইজনকে কামড় দিয়েছে যার মধ্যে একজন মারা গেছেন। দেশটির গুজরাট রাজ্যের আহমেদাবাদের নারোদা গ্রামে এ ঘটনা ঘটেছে।

রাজু নামের উটটি গত রবিবার রাতে ৪৫ বছর বয়সী গোবিন্দ ত্রিবেদিকে কামড় দেয়। তার চিত্কার শুনে উটটির তত্ত্বাবধায়কসহ অন্যরা ছুটে আসেন। উটটি তার তত্ত্বাবধায়ক ফুলা মেনাকেও ছাড়েনি। তাকেও যাচ্ছেতাইভাবে কামড়ায়। কিন্তু ভাগ্যের জোরে প্রাণে বেঁচে যান তিনি। প্রত্যক্ষদর্শী কালিদাস ওয়াগেলা জানিয়েছেন, ত্রিবেদি একজন রাজমিস্ত্রি এবং অ্যালকোহলে আসক্ত। তিনি খুব কম সময়ই রাতে বাড়ি যেতেন। ওইদিন রাতে তিনি উটের কাছেই রাত কাটাতে চেয়েছিলেন। উটটি তাকে দেখে উত্তেজিত হয়ে পড়ে। এরপর ত্রিবেদির মাথায় উপযুপরি কামড়াতে থাকে। অন্যরা ছুটে এসেও তাকে রক্ষা করতে পারেনি। স্থানীয় থানার পুলিশ জানিয়েছে, ত্রিবেদির ঘটনায় ‘দুর্ঘটনাজনিত মৃত্যু’ বলে থানায় নিবন্ধিত হয়েছে। পুলিশ আরো জানায়, উটের মালিকের যদি এক্ষেত্রে কোনো অবহেলা থাকে তাহলে হত্যা মামলা হতে পারে। গ্রামবাসীরা উটটির নাম দিয়েছেন ‘কিলার ক্যামেল’ অর্থাত্ হত্যাকারী উট হিসেবে।- এনডিটিভি