বাসে হাফ ভাড়া নেওয়ার দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০১৯, ১৮:০১

বাসে শিক্ষার্থীদের অর্ধেক ভাড়া কার্যকরের দাবিতে বিক্ষোভ করেছেন ঢাকা কলেজের শিক্ষার্থীরা। বুধবার বেলা ১২টার দিকে ক্যাম্পাসের সামনের সড়কে তারা বিক্ষোভ করেন। এসময় বিকাশ, ভিআইপি, মিরপুর লিংক, উইনারসহ বেশ কয়েকটি বাস আটকিয়ে দেন শিক্ষার্থীরা।

প্রত্যক্ষদর্শীরা জানান, যেসব বাস হাফ ভাড়া নেয় না সেগুলো শিক্ষার্থীরা সড়কে আটকে দেন। এসময় তারা অর্ধেক ভাড়া নেওয়ার দাবিতে বিক্ষোভ করেন। তবে কোনো ধরনের ভাঙচুর করেননি।

আরো পড়ুন: নাম ভাঙিয়ে কেউ প্রতারণা করলে অবহিত করুন: মাশরাফি

ঢাকা কলেজ কর্তৃপক্ষ জানায়, এই রুটের বাসগুলো সরকারি নির্দেশ অমান্য করছে। তারা হাফ ভাড়া নেয় না। অনেক সময় বাসের লোক শিক্ষার্থীদের সঙ্গে খারাপ ব্যবহার করে। তাই শিক্ষার্থীরা প্রতিবাদ করেছে। পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে। হাফ ভাড়ার বিষয়টি নিয়ে বাস মালিকদের সঙ্গে কথা বলবে কলেজ কর্তৃপক্ষ।

নিউমার্কেট থানার ওসি মো. আতিকুর রহমান বলেন, শিক্ষার্থীরা শান্তিপূর্ণভাবে আন্দোলন করেছে। তাদের হাফ ভাড়ার দাবির বিষয়টি নিয়ে মালিকপক্ষের সঙ্গে কথা হয়েছে। 

ইত্তেফাক/জেডএইচ