শিগগিরই খালেদা জিয়া মাফ চেয়ে ঘরে ফিরবেন

আপডেট : ২১ জানুয়ারি ২০১৫, ০১:১৯

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, সেদিন বেশি দূরে নয়, খালেদা জিয়া গুলশান কার্যালয়ে থেকে মাফ চেয়ে ঘরে ফিরে যাবেন। গতকাল মঙ্গলবার রাজধানীর মিরপুরে গাবতলীর মাজার রোডে মহানগর ১৪ দলের উদ্যোগে আয়োজিত এক বিশাল জনসভায় তিনি আরো বলেন, খুনিদের সঙ্গে কোনো সংলাপ হবে না। ২০১৯ সালের একদিন আগেও দেশে কোনো নির্বাচন হবে না বলেও সাফ জানিয়ে দেন তিনি। অবরোধের নামে মানুষ হত্যার কর্মসূচির প্রতিবাদে এ জনসভার আয়োজন করা হয়।

মোহাম্মদ নাসিম বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডাক দিয়েছেন রাজধানীসহ সারাদেশে পাড়া-মহল্লায় সন্ত্রাস প্রতিরোধে কমিটি গঠন করতে। ঢাকা মহানগর ১৪ দলের সমন্বয়ক এবং মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরীর সাথে আমার কথা হয়েছে। আগামী সাত দিনের মধ্যে ঢাকা শহরের প্রতিটি পাড়া-মহল্লায় সন্ত্রাস প্রতিরোধ কমিটি করা হবে এবং এসব এলাকার প্রতিটি পাড়া মহল্লায় শান্তি মিছিল হবে। এজন্য ক্ষমতাসীন ১৪ দলের নেতাকর্মীদের আরো বেশি ঐক্যবদ্ধ থাকতে হবে। বিএনপি নেত্রীর উদ্দেশে মোহাম্মদ নাসিম বলেন, আমাদের বেশি ভয় দেখাবেন না। আওয়ামী লীগ জানে কীভাবে আন্দোলন করতে হয়। বেশি বাড়াবাড়ি করলে আপনাদের কালো হাত ভেঙে দেয়া হবে। তিনি বলেন, কী আন্দোলন করবেন আমাদের বিরুদ্ধে। বাটি চালান দিয়েও আপনাদের নেতাকর্মীদের খুঁজে পাওয়া যাচ্ছে না। অফিসে বসে আন্দোলন করেন, অবরোধ করেন আমাদের কিছুই হবে না।
মোহাম্মদ নাসিম বলেন, খালেদা জিয়ার ডাকা অবরোধে কেউ সাড়া দেয়নি। তাদের দলের নেতাকর্মীরাও মাঠে নামেনি। এতে লজ্জার কিছু নেই। তবে অবরোধের নামে আর মানুষ পুড়িয়ে মারবেন না।
ওয়ার্কার্স পার্টির সভাপতি এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন বিএনপি চেয়ারপারসনের উদ্দেশে বলেন, সংলাপের কথা বলছেন, নির্বাচনের কথা বলছেন। শর্ত দিয়ে সংলাপ হয় না। আগে জামায়াতকে ছাড়ুন, জঙ্গিগোষ্ঠীর সঙ্গ ত্যাগ করুন, তারপর সংলাপের ব্যাপারে ভেবে দেখা যাবে।
ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং মহানগর ১৪ দলের সমন্বয়ক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া খালেদা জিয়ার উদ্দেশে বলেন, এখন যদি আমি বলি চল চল গুলশানে চল। আপনার টিকিও খুঁজে পাওয়া যাবে না। কিন্তু আমরা শান্তিতে বিশ্বাস করি, গণতন্ত্রে বিশ্বাস করি।
এর আগে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং সাবেক স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার কাছে বিএনপি নেত্রীর গুলশান কার্যালয় অভিমুখে শান্তি মিছিল নিয়ে যাওয়ার আহ্বান জানান।

স্থানীয় সংসদ সদস্য এবং ঢাকা মহানগর আওয়ামী লীগের সদস্য আসলামুল হকের সভাপতিত্বে জনসভায় আরো বক্তব্য রাখেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, খালিদ মাহমুদ চৌধুরী, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া, জাসদের কামরুল আহসানসহ মহানগর ১৪ দল নেতৃবৃন্দ। জনসভা শেষে কেন্দ্রীয় ও মহানগর ১৪ দলের নেতাদের নেতৃত্বে একটি বিশাল ও বর্ণাঢ্য শান্তি মিছিল বের হয়।