ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনামন্ত্রী এবং ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেছেন, খালেদা জিয়াকে গ্রেফতার ছাড়া কোনো উপায় নেই। তাকে যত দ্রুত গ্রেফতার করা হবে মানুষের জানমালের ক্ষয়-ক্ষতির পরিমাণ তত কমবে। বুধবার সকালে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগ কার্যালয়ের সামনে আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে তিনি এই কথা বলেন। খবর: বাসসের।
মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেন, সন্ত্রাসের প্রতীক হিসেবে আবির্ভূত খালেদা জিয়াকে অবিলম্বে গ্রেফতার করতে হবে। মানুষের ধৈর্য শেষ পর্যায়ে চলে এসেছে।
তিনি বলেন, ক্ষমতায় যেতে খালেদা মরিয়া হয়ে গেছেন। টাকা চুরি থেকে শুরু করে সব মামলায় সাজা অপেক্ষা করছে। এই সাজা থেকে বাঁচার জন্য উনি ক্ষমতায় যেতে মরিয়া।
তিনি বলেন, হরতাল-অবরোধের নামে খালেদার নির্দেশে মানুষ হত্যা এবং যে অর্থনৈতিক ক্ষতি হচ্ছে তার জন্য তাকে হুকুমের আসামি করে বিচারের সম্মুখীন করতে হবে। দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।
