২০২০ সালের মধ্যে কারিগরি শিক্ষার্থীর হার ২০ শতাংশ হবে

আপডেট : ২১ জানুয়ারি ২০১৫, ১৮:০১
 
 
 
 
 
২০২০ সালের মধ্যে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার্থীর হার ২০ শতাংশ করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। তিনি বলেন, ‘শিক্ষা সবার জন্য গুরুত্বপূর্ণ হলেও বাস্তবাতর নিরীখে জীবনমুখী কারিগরি শিক্ষা সর্বাধিক গুরুত্বপূর্ণ। দেশের মানুষকে মানবসম্পদে পরিণত করতে কারিগরি শিক্ষাই মূলপথ।’ বুধবার টেকনিক্যাল টিচার্স ট্রেনিং কলেজের হল রুমে কলেজের নবনির্মিত একাডেমিক ভবন উদ্বোধনী অনুষ্ঠানে তিনি প্রধান অতিথির বক্তব্য এ সব কথা বলেন।
মন্ত্রী বলেন, ‘নতুন প্রজন্মকে আধুনিক শিক্ষা, জ্ঞান ও প্রযুক্তিতে দক্ষ হিসেবে গড়া আমাদের লক্ষ্য। গত অর্ধ যুগে শিক্ষাখাতে যুগান্তকারী পরিবর্তন এসেছে। এখন প্রায় শতভাগ শিশু স্কুলে যায়। প্রাথমিক-মাধ্যমিক স্তরে ছাত্র-ছাত্রীর সংখ্যা সমতা অর্জিত হয়েছে।’ 
শিক্ষাখাতে শৃঙ্খলা ফিরিয়ে আনা হয়েছে। ইউনেস্কোর মহাপরিচালকের মন্তব্য উল্লেখ করে তিনি বলেন, ‘আমাদের মতো দেশসমূহের মধ্যে শিক্ষায় বাংলাদেশ এখন রোল মডেলে পরিণত হয়েছে।’ তিনি দেশের অর্থনৈতিক সমৃদ্ধির জন্য অধিকাংশ শিক্ষার্থীর মধ্যে কারিগরি ও ভোকেশনাল শিক্ষার প্রতি ঝোঁক সৃষ্টির আহ্বান জানান।
টেকনিক্যাল টিচার্স ট্রেনিং কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. ইদ্রিস আলীর সভাপতিত্বে শিক্ষাসচিব মো. নজরুল ইসলাম খান, এশিয়ান উন্নয়ন ব্যাংকের কান্ট্রি ডিরেক্টর  কাজুহিকো হিগুচি, কারিগরি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক মো. শাহজাহান মিঞা, সুইডিস ডেভেলপমেন্ট কো-অপারেশনের ডেপুটি হেড অব কো-অপারেশন সিরোকো মেসেরলি প্রমুখ বক্তব্য দেন।