আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন এমপি বলেছেন, ‘যুদ্ধাপরাধীদের মুক্ত করার জন্যই খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি-জামায়াতের নেতা-কর্মীরা আন্দোলন করছে।’ বুধবার দুপুরে রাজধানীর শাহবাগের সুফিয়া কামাল গণগ্রন্থাগারের অডিটোরিয়ামে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন। বাংলাদেশ নাগরিক সেবা সংঘ ‘শান্তি প্রতিষ্ঠায় হরতাল ও অস্ত্রের মহড়া নয়, মুক্তিযুদ্ধের অঙ্গীকার বাস্তবায়নের লক্ষ্যে আলোকিত বাংলাদেশ গড়তে দেশবাসীর ঐক্যবদ্ধ ভূমিকা’ শীর্ষক এ আলোচনা সভার আয়োজন করে।
সাহারা খাতুন বলেন, ‘বিএনপি নেত্রী খালেদা জিয়া জঙ্গিদের মদদদাতা। তিনি দেশে আন্দোলনের নামে যেভাবে নৈরাজ্য সৃষ্টি করেছেন, তা জঙ্গিবাদের আচরণের শামিল। তিনি দেশের উন্নয়ন চান না।’
বাংলাদেশ নাগরিক সেবা সংঘের প্রধান উপদেষ্টা চিত্তরঞ্জন দাসের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক শাহ আলম সুমন, সহসভাপতি ফিরোজ আলম সুমন প্রমুখ।
