গণপূর্তের নির্বাহী প্রকৌশলীর ‘দুর্নীতি’ অনুসন্ধানে দুদক

আপডেট : ২১ জানুয়ারি ২০১৫, ২০:১৮
 
 
 
 
গণপূর্ত অধিদফতরের ঢাকার আজিমপুর ডিভিশনের নির্বাহী প্রকৌশলী উত্পল কুমার দের বিরুদ্ধে কাজ না করেই প্রায় সাত কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। এ অভিযোগ আমলে নিয়ে দুর্নীতি দমন কমিশন (দুদক) অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে। এরই মধ্যে কমিশন অভিযোগ অনুসন্ধানের জন্য কর্মকর্তা নিয়োগ দিয়েছে। দুদকের উপপরিচালক হামিদুল হাসানকে অনুসন্ধান কর্মকর্তা এবং পরিচালক মোহাম্মদ বেলাল হোসেনকে তদারক কর্মকর্তা হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে। তাদের দ্রুত অভিযোগ অনুসন্ধানের নির্দেশ দেয়া হয়েছে।
দুদক সূত্র জানিয়েছে—আজিমপুর এস্টেটের জন্য মেরামত ও রক্ষণাবেক্ষণ খাতে ২০১২-১৩ অর্থবছরে ছয় কোটি ৯৩ লাখ টাকা বরাদ্দ দেয়া হয়। ওই টাকা দিয়ে আজিমপুরের পাঁচটি অঞ্চলের কোথাও কোনো কাজ করা হয়নি। এস্টেটের প্রতিটি ইউনিটের অবস্থা অত্যন্ত জরাজীর্ণ অবস্থায় রয়েছে। কাজ না করেই গণপূর্ত অধিদফতরের ঢাকার আজিমপুর ডিভিশনের নির্বাহী প্রকৌশলী উত্পল কুমার দে অন্যদের যোগসাজশে সম্পূর্ণ অর্থ উত্তোলন করে আত্মসাত্ করেছেন বলে অভিযোগ রয়েছে। কমিশনের প্রাথমিক সোর্সে এ সব অভিযোগের সত্যতা যাচাই করে অনুসন্ধানের সিদ্ধান্ত নেয়া হয়েছে।