৪৫ লাখ কর্মসংস্থান সৃষ্টি করেছে ফেসবুক

আপডেট : ২১ জানুয়ারি ২০১৫, ২২:১৩
 
বিশ্বের সর্ববৃহৎ সামাজিক যোগাযোগ সাইট ফেসবুক বিশ্ব অর্থনীতিতে বিশাল প্রভাব ফেলবে বলে সামাজিক যোগাযোগ সাইটটির অর্থায়নে পরিচালিত এক গবেষণায় দাবি করা হয়েছে। ডেলোইট নামের একটি পেশাদার গবেষণা প্রতিষ্ঠান "ফেসবুক'স গ্লোবাল ইকোনমিক ইমপ্যাক্ট" শীর্ষক এক গবেষণায় এই চিত্র উঠে এসেছে।
ফেসবুক ২০১৪ সালে বিশ্ব অর্থনীতিতে ২২৭ বিলিয়ন মার্কিন ডলার যোগ করেছে যা ৪৫ লক্ষ মানুষকে কর্মসংস্থান যোগাতে সহায়তা করেছে। মঙ্গলবার প্রকাশিত গবেষণাটির রিপোর্টে আরো দেখা যাচ্ছে শুধুমাত্র যুক্তরাষ্ট্রের অর্থনীতিতেই ফেসবুকের অবদান প্রায় ১০০ বিলিয়ন ডলার যা দশ লক্ষ মানুষের জন্য কর্মসংস্থান সৃষ্টি করেছে। ২০১৪ সালে ফেসবুক প্রভাবিত অর্থনীতির তালিকায় দ্বিতীয় অবস্থানে আছে ব্রিটেনের নাম। ব্রিটেনের অর্থনীতিতে ফেসবুকের অবদান ১১ বিলিয়ন ডলারের সমান বলে গবেষণাটির ফলাফলে উঠে এসেছে। সূত্র: সিএনএন