শাসকগোষ্ঠী রক্তের নেশায় উন্মাদ হয়ে উঠেছে: ২০ দল

আপডেট : ২১ জানুয়ারি ২০১৫, ২২:৩৩
বিএনপির নেতৃত্বাধীন ২০-দলীয় জোটের এক বিবৃতিতে বলেছে, জনগণের আন্দোলনে ক্ষমতা হারাবার ভয়ে সরকার রক্তের নেশায় উন্মাদ হয়ে উঠেছে। প্রতিনিয়ত হুমকি, মিথ্যা মামলায় গ্রেফতার, চালিয়েও শেষ রক্ষা হচ্ছে না দেখে তারা এখন তথাকথিত বন্দুকযুদ্ধের নাটক সাজিয়ে বিরোধী দলের নেতা-কর্মীদের হত্যার তাণ্ডবে মেতে উঠেছে।
বুধবার রাতে গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে বলা হয়, প্রতিটি বেআইনি হত্যাকাণ্ডের জন্য ক্ষমতাসীনদের অবশ্যই দায়ী থাকতে হবে এবং এই বিচার বহির্ভূত হত্যার সাথে জড়িত সকলের বিরুদ্ধে আগামীতে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। আইন প্রয়োগকারী সংস্থা ও সন্ত্রাসীদেরকে ‘খুনের ছাড়পত্র’ দিয়ে বিরোধী দলের নেতা-কর্মীদের হত্যার চক্রান্তের বিরুদ্ধে আমরা হুঁশিয়ার উচ্চারণ করছি। আহবান জানাই, সমঝোতার লক্ষ্যে পরিস্থিতিকে দ্রুত স্বাভাবিক করার।’
বিএনপির ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান স্বাক্ষরিত এই বিবৃতিতে আরো বলা হয়, রাজধানীর খিলগাঁও এলাকায় ছাত্রদল নেতা নুরুজ্জামান জনি, মতিঝিলে নড়াইলের পৌর কাউন্সিলর ইমরুল কায়েস ও চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় ছাত্রদল নেতা মতিউর রহমানকে গুলি করে হত্যার ঘটনা বেআইনি হত্যার সর্বশেষ নিকৃষ্ট উদাহরণ। এর আগে এই কর্মসূচি চলাকালে নাটোরে ছাত্রদল নেতা রাকিব হোসেন, সিংড়ায় ছাত্রদল কর্মী রায়হান আলী, রাজশাহীতে বিএনপি কর্মী মজিরউদ্দীন, চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বিএনপি কর্মী মন্তাজ আলী, নোয়াখালীর সেনবাগে যুবদল কর্মী মিজানুর রহমান রুবেল, বেগমগঞ্জে ছাত্রদল কর্মী মহসিনউদ্দীন, সোনাইমুড়িতে ছাত্রদল কর্মী মোরশেদ আলম পারভেজ এবং চুয়াডাঙ্গায় বিএনপি নেতা সিরাজুল ইসলামকে আইন-শৃঙ্ক্ষখলা রক্ষাবাহিনী ও আওয়ামী  সন্ত্রাসীরা নিষ্ঠুরভাবে হত্যা করে। আমরা এর নিন্দা জানাই।