শিক্ষক ও যাত্রীবাহী বাসে আগুন, দগ্ধ গৃহবধূ

আপডেট : ২২ জানুয়ারি ২০১৫, ০০:৩৯

গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন স্থানে বেশকিছু যানবাহনে আগুন দেয়ার খবর পাওয়া গেছে। এর মধ্যে ঝালকাঠির নলছিটিতে একটি যাত্রীবাহী বাসে পেট্রোল বোমা নিক্ষেপ করে দুর্বৃত্তরা। এতে এক গৃহবধূ অগ্নিদগ্ধ হন। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের বাসে আগুন দেয়া হয়েছে। এছাড়া গাজীপুরে তিনটি গাড়িতে, ময়মনসিংহের ত্রিশালে সংবাদপত্রবাহী গাড়িতে,  নোয়াখালীর সেনবাগে ট্রাকে এবং রাজশাহীর বাগামারায় আওয়ামী লীগ কার্যালয়ে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। এসব ঘটনায়  ট্রাকচালক, হেলপারসহ কয়েকজন আহত হয়েছেন।

বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের ডাকা দেশজুড়ে লাগাতার অবরোধ এবং ঢাকা ও খুলনা বিভাগে ৪৮ ঘণ্টার হরতাল চলাকালে এসব সহিংসতার ঘটনা ঘটে। এদিকে নাশকতা প্রতিরোধে সিলেট নগরীতে গোপন সিসি ক্যামেরা বসিয়েছে পুলিশ। সোমবার মধ্যরাতে রাজশাহীর ভদ্রা এলাকায় বাসে অগ্নিদগ্ধ নারীকে গতকাল বুধবার ঢাকা মেডিক্যাল বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।
ঝালকাঠি প্রতিনিধি ও নলছিটি সংবাদদাতা জানান, বরিশাল-পটুয়াখালী আঞ্চলিক সড়কের দপদপিয়া চৌরাস্তায় মঙ্গলবার রাত ১টার দিকে আবদুল্লাহ পরিবহনের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। এতে বাসযাত্রী গৃহবধূ রেশমা বেগম (৩০) অগ্নিদগ্ধ হন। তাড়াহুড়া করে গাড়ি থেকে নামতে গিয়ে তার স্বামী মাহবুবুর রহমান ও অপর এক যাত্রী হাসিবুর রহমান আহত হয়েছেন। আহতদের বরিশাল মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।  রেশমা ও মাহবুবুর দম্পতির বাড়ি পটুয়াখালীর কলাপাড়া উপজেলায়। 
নলছিটি থানার এসআই মো. কামরুজ্জামান জানান, এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। এদিকে গতকাল বুধবার সকালে নলছিটি থানার ওসি মো. আবুল খায়েরকে  প্রত্যাহারের  আদেশ দিয়েছে পুলিশ প্রশাসন।
জবি সংবাদদাতা জানান, বুধবার সকাল সাড়ে ১১টার দিকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের নতুন ভবনের সামনে পার্কিং করে রাখা শিক্ষকদের একটি বাসে (ঢাকা মেট্রো ঝ ১৪-০০৪৯) আগুন দেয় দুর্বৃত্তরা। খবর পেয়ে বিশ্ববিদ্যালয়ের কর্মচারীরা এসে আগুন নিভিয়ে ফেলেন। এতে কোন হতাহতের ঘটনা না ঘটলেও বাসটির ৮/১০টি সিট পুড়ে যায়।
বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর ড. নূর মোহাম্মদ জানান, এ ঘটনায় কোতয়ালী থানায় মামলা হয়েছে। পরিবহন কমিটির আহবায়ক নূরে আলম আবদুল্লাহকে প্রধান করে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি এ ধরনের শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডের তীব্র নিন্দা এবং জড়িতদের তদন্তপূর্বক শাস্তির দাবি জানিয়েছে।
গাজীপুর প্রতিনিধি জানান, বুধবার সকালে শহরের লক্ষ্মীপুরা এলাকায় ঢাকা-গাজীপুর সড়কে একটি পিকআপ ভ্যানে, হাড়িনাল এলাকায় একটি প্রাইভেটকারে ও চান্দনা চৌরাস্তায় একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। তবে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছার আগেই স্থানীয়রা আগুন নিভিয়ে ফেলেন।
ত্রিশাল (ময়মনসিংহ) সংবাদদাতা জানান, উপজেলার বগার বাজার এলাকায় মঙ্গলবার রাতে ঢাকা থেকে ময়মনসিংহগামী একটি সংবাদপত্রবাহী গাড়িতে (ঢাকা মেট্রো- ১৪-৫৪০৭) ২টি পেট্রোল বোমা নিক্ষেপ করে দুর্বৃত্তরা। এতে গাড়িটি পুড়ে যায়। এ ঘটনায় অগ্নিসংযোগ ও বিস্ফোরক আইনে মামলা হয়েছে। ১ জনকে আটক করেছে পুলিশ।
সেনবাগ (নোয়াখালী) সংবাদদাতা জানান, নোয়াখালী-ফেনী সড়কের সেনবাগ উপজেলার ছমিরমুন্সিরহাট বাজারের কাছে মঙ্গলবার রাতে যানবাহন লক্ষ্য করে পেট্রোল বোমা ও ইটপাটকেল নিক্ষেপ করে দুর্বৃত্তরা। এসময় পেট্রোল বোমার আগুনে একটি ট্রাকের কিছু অংশ পুড়ে যায় ও ইটপাটকেলের আঘাতে ৪ জন আহত হন। আহত ট্রাকচালক মো. খোকন (৫০), হেলপার মনির হোসেন (২৫), সহযোগী জাহাঙ্গীর আলম (৪৫) ও ফরহাদকে (৩৫) নোয়াখালীর বিভিন্ন ক্লিনিকে চিকিত্সা দেয়া হয়েছে।
রাজশাহী অফিস জানায়, পেট্রোল বোমার আগুনে দগ্ধ আম্বিয়া বেগমকে (৪৮) বুধবার দুপুরে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়েছে। চিকিত্সকরা জানান, আগুনে তার মুখমণ্ডলের বাঁ দিক পুড়ে গেছে। সোমবার রাত সোয়া ১২টার দিকে নগরীর ভদ্রায় বাসে ঢাকা যাবার সময় পেট্রোল বোমা হামলায় দগ্ধ হন আম্বিয়া। এদিকে গতকাল বিকালে নগরীর কাশিয়াডাঙ্গা মোড়ে একটি ট্রাকে পেট্রোলবোমা ও ককটেল নিক্ষেপ করে দুর্বৃত্তরা।
বাগমারা (রাজশাহী) সংবাদদাতা জানান, মঙ্গলবার গভীর রাতে দুর্বৃত্তরা উপজেলার ঝিকরা বাজারের আওয়ামী লীগ কার্যালয়ে পেট্রোল বা কেরোসিন জাতীয় তরল পদার্থ ঢেলে আগুন ধরিয়ে দেয়। এতে ঘরের একটি টেবিল, বেশ কয়েকটি চেয়ার ও একটি ফাইল কেবিনেট পুড়ে যায়।
সিলেট অফিস জানায়, জেলা ও মহানগরীতে বুধবার সকাল-সন্ধ্যা হরতাল পালিত হয়েছে। নাশকতারোধ ও অপরাধীদের সনাক্ত করতে নগরীর ব্যস্ততম ও ঝুঁকিপূর্ণ অন্তত ২০টি পয়েন্টে ৫২টি গোপন ক্যামেরা বসানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ। সকালে দরগাহ মহল্লাস্থ পায়রা এলাকা থেকে নিখোঁজ বিএনপি নেতা এম.ইলিয়াস আলীর ঘনিষ্ঠজন ময়নুল হককে আটক করেছে পুলিশ।
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি জানান, মঙ্গলবার রাতে শহরের কুমারশীল মোড়, জেল রোডসহ বিভিন্ন স্থানে কমপক্ষে ২৫টি হাত বোমার বিস্ফোরণ ঘটে। এর আগে ফুলবাড়িয়া বাসস্ট্যান্ড এলাকায় বোমার বিস্ফোরণ ঘটিয়ে একটি যাত্রীবাহী বাসের গ্লাস ভাংচুর করে দুর্বৃত্তরা। পরে  বিএনপির ১৩ নেতা-কর্মীকে গ্রেফতার করে পুলিশ।
খুলনা অফিস জানায়, গতকাল বুধবার সকাল পৌনে ১০টার দিকে মহানগরীর মৌলভীপাড়া মোড়ে ছাত্রদল কর্মীরা হরতালের সমর্থনে একটি মিছিল বের করে। এসময় মিছিলকারীরা দুটি ককটেলের বিস্ফোরণ ও ৫টি ইজিবাইক ভাংচুর করলে এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়। পরে পুলিশের সঙ্গে ছাত্রদল কর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। এদিকে মঙ্গলবার রাতে জেলা কৃষক দলের সভাপতি নূরুল হুদা খানসহ ২০ নেতা-কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।
সুনামগঞ্জ প্রতিনিধি জানান, বুধবার দুপুর ১ টার দিকে শহরে অন্তত ২০টি লেগুনা, বাস ও অটোরিক্সা ভাংচুর করে ছাত্রদল নেতা-কর্মীরা। এসময় শহরে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
এটিএম কামাল গ্রেফতার

নারায়ণগঞ্জ প্রতিনিধি জানান, নগর বিএনপির সেক্রেটারী এটিএম কামালকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার সকাল ৮টার দিকে শহরের হাজীগঞ্জ এম সার্কাস এলাকা থেকে পুলিশ তাকে আটক করে। বিএনপির এই নেতার বিরুদ্ধে হাফডজন মামলা রয়েছে। এদিকে পুলিশের ধাওয়ায় পালাতে গিয়ে একটি দোতলা ভবনের ছাদ থেকে লাফিয়ে পড়ে আহত হয়েছেন জেলা কৃষকদলের সাধারণ সম্পাদক উজ্জল হোসেন ও সিদ্ধিরগঞ্জ থানা মত্স্যজীবী দলের সভাপতি ইব্রাহীম সরদার।