মিসরে বিয়ের পোশাক পরিহিত একজন অবিবাহিত নারীর রাস্তাঘাটে ঘুরে বেড়ানোর বিষয়ে সামাজিক যেসব সংস্কার আছে তা ভেঙে দিতে চেয়েছেন কায়রোর এক মেয়ে।
বিয়ের পোশাক পরে রাজধানীর বিভিন্ন জায়গায় হেঁটে বেড়ানো এই মেয়েটির নাম সামা হামদি। তার বয়স ২৭। তিনি বলছেন, অবিবাহিত কোনো নারীর প্রতি সমাজের যেসব নেতিবাচক দৃষ্টিভঙ্গি আছে এর মধ্য দিয়ে সেগুলোর ওপরই তিনি আলোকপাত করতে চেয়েছেন। রাজধানীর বিভিন্ন এলাকায় মাটিতে ছুঁয়ে গেছে এরকম লম্বা সাদা একটি বিয়ের পোশাক পরে এক বছর সময় ধরে তার ছবি তোলা হয়েছে। তার মুখের কিছুটা অংশও পর্দায় ঢাকা ছিল। হামদি একজন ইন্টেরিয়র ডিজাইনার, পারফরমেন্স আর্টের ওপর মাস্টার্স করেছেন। তিনি জানান, তার বিয়ের সময় নিয়ে পরিবারের সঙ্গে বহুবার বাক-বিতন্ডা হয়েছে। আপনি কতটা সফল সেটা কোনো বিষয় না, বিষয় হলো আপনি বিবাহিত কিনা। মনে হয়, সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। যেনো এর জন্যই মেয়েদের জন্ম হয়েছে। সমাজ দেখতে চায়, আপনি বিয়ে করেছেন কিনা এবং আপনার সংসার আছে কিনা, বলেন হামদি। বিয়ের পোশাক পরে তার ঘুরে বেড়ানোর একটি ভিডিও সমপ্রতি একটি পুরস্কার জিতে নিয়েছে। তবে এসব ছবি এবং ভিডিও বাড়ির পরিবারের মন জয় করতে পারেনি। কারণ তার মা এখনো মনে করেন যে, সে একজন চিরকুমারী। মিসরে বহু নারী কুড়ির পরও অবিবাহিত থাকেন। ২০১১ সালের সরকারি এক পরিসংখ্যানে দেখা গেছে, প্রায় ৯০ লাখ মানুষ বিয়ে না করেই ৩৩ বছরে পৌঁছেছে এবং তাদের অর্ধেকই হচ্ছেন নারী। -বিবিসি
