‘খালেদা জিয়াকে রাজনীতি থেকে সরাতে চক্রান্ত চলছে’

আপডেট : ২২ জানুয়ারি ২০১৫, ১৬:০৪
খালেদা জিয়াকে রাজনীতি থেকে সরাতে চক্রান্ত চলছে বলে অভিযোগ করেছেন বিএনপির যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী। বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এই অভিযোগ করেন।
রুহুল কবির রিজভী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্ষমতা দরকার। সেই ক্ষমতা আঁকড়ে রাখতে তিনি খালেদা জিয়াকে সবচেয়ে বড় পথের কাঁটা মনে করেন। সেজন্য রাজনৈতিক দৃশ্যপট থেকে তাকে সরিয়ে দেয়ার জন্য ধারাবাহিক চক্রান্তের অংশ হিসেবে গ্রেফতারের আরেকটি চক্রান্তের নাটক মঞ্চস্থ করার আয়োজন চলছে।
খালেদা জিয়াকে মানুষ হত্যার আসামি করা যৌক্তিক হবে’-প্রধানমন্ত্রীর এই বক্তব্যের জবাবে তিনি এসব কথা বলেন।
রিজভী বলেন, প্রধানমন্ত্রীর সবসময় একটাই যুক্তি, সেটি হলো বিরোধী দলশূন্য দেশ। একদলীয় একটি রাষ্ট্রব্যবস্থা। এই আকাঙ্ক্ষা বাস্তবায়িত করতেই তিনি অবৈধভাবে ক্ষমতা দখল করে বসে আছেন। তিনি তো জনগণের, দেশ-বিদেশের বিশিষ্টজনদের, সুশীল সমাজ কারো যুক্তিই মানেন না।
সরকারকে উদ্দেশ্য করে তিনি বলেন, দেশব্যাপী ২০ দলীয় জোটের আন্দোলনে নেতা-কর্মীদেরকে অমানবিক নিষ্ঠুর নির্যাতন করা, ঢালাও মিথ্যা মামলা, নির্বিচারে গ্রেফতার ও বন্দুকযুদ্ধের নামে হত্যা করে রক্তের স্বাদ নিতে নিতে এখন আপনারা খালেদা জিয়াকে টার্গেট করেছেন। এটি আপনাদের শেষ মরণছোবল। আগুন নিয়ে খেলবেন না, মহাদুর্যোগ ঘনিয়ে তোলবার চেষ্টা করবেন না, দেশের আন্দোলনরত সব গণতন্ত্রকামী জাতীয়তাবাদী শক্তি জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পাশে থাকবে।