‘বেগম খালেদা জিয়া মহিলা রাজাকার’

আপডেট : ২২ জানুয়ারি ২০১৫, ১৮:৪১

বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম এমপি বলেছেন, ২০ দলীয় জোট নেত্রী বেগম খালেদা জিয়া ১৯৭১ সালে স্বেচ্ছায় ঢাকায় অবস্থান করে পাকিস্থানীদের বিভিন্ন সেবা দিয়ে তাদের জ্বালাও পোড়াও দেখে স্বাধীনতা বিরোধী দোসরদের উৎসাহ যুগিয়েছেন। ঠিক তেমনি কায়দায় তার দলের নেতাকর্মীরা মাঠে না থাকলেও তিনি ভাড়াটিয়া স্বাধীনতা বিরোধী চক্র দিয়ে ১৭ দিনে ৩০জন সাধারণ মানুষ পুড়িয়ে মারছেন। তাই তিনি রক্ত পিপাসু মহিলা রাজাকার।
বৃহস্পতিবার জামালপুরের ইসলামপুর উচ্চ বিদ্যালয় মাঠে ইসলামপুর উপজেলা আওয়ামী লীগের আয়োজিত ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
পাট প্রতিমন্ত্রী বলেন, অবরোধ ও হরতালে সাড়া না পেয়ে ২০ দলীয় জোট বিএনপি-জামায়াত পেট্টোল বোমা মেরে নিরীহ মানুষকে হত্যা করছে। যারা সহিংসতা ও মানুষ হত্যা করে তারা দেশের উন্নয়ন ও গণতন্ত্রকে নস্যাৎ করতে চায়। তাই তাদেরকে প্রতিহত করতে হবে। তিনি আওয়ামী লীগ নেতাকর্মীসহ মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি আবারও জেগে উঠতে হবে। সকলের হিংসা বিভেদ ভুলে ঐক্যবদ্ধ হয়ে ৭১এর পরাজিত শক্তি ও তাদের দোসরদের প্রতিহত করতে পাড়ায় মহল্লায় ঐক্য গড়ে তোলে কমিটি গঠনের আহ্বান জানান।
ইসলামপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি জিয়াউল হল জিয়ার সভাপতিত্বে সম্মেলনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, স্থানীয় সংসদ সদস্য আলহাজ ফরিদুল হক খান দুলাল, জামালপুরের মহিলা সংসদ সদস্য মাহজাবীন খালেদ বেবী, জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি এডঃ মুহাম্মদ বাকী বিল্লাহ, সাধারণ সম্পাদক ফারুক আহাম্মদ চৌধুরী, সহসভাপতি আবু জাফর সিশা,সৈয়দ আতিকুর রহমান ছানা, সাংগঠনিক সম্পাদক শফিক জাহেদী রবিন, রেজাউল করিম রেজনুসহ জেলা ও উপজেলা আওয়ামী লীগের বিভিন্ন নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। পরে কাউন্সিলরদের প্রত্যক্ষ ভোটে আলহাজ ফরিদুল হক খান দুলাল এমপি সভাপতি এবং অ্যাডভোকেট আব্দুস ছালাম সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হন।