ধুমপায়ীরা যদি সিঙ্গাপুরে যান তবে খেয়াল রাখবেন বদভ্যাস বশত: সিগারেটের অবশিষ্টাংশ যেন যেখানে সেখানে না ছুড়ে মারেন। তাহলে জরিমানা গুনতে গিয়ে ফতুর হতে হবে। এমন ঘটনা ঘটেছে এক ভদ্রলোকের বেলায়। সিগারেটের অবশিষ্টাংশ রাস্তায় ছুড়ে ফেলায় তাকে জরিমানা করা হয়েছে ১৫ হাজার মার্কিন ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১১ লাখ টাকা)। এজাতীয় অপরাধে সিঙ্গাপুরে এটাই সর্বোচ্চ জরিমানা। দেশটির জাতীয় পরিবেশ সংস্থা একথা জানিয়েছে।
সংস্থাটি জানিয়েছে, লোকটিকে এত বিশাল অংকের জরিমানা করার কারণ তিনি ‘কয়লা ধুলে ময়লা যায় না’ টাইপের লোক। গত চারদিনে তাকে এই অপরাধে দফায় দফায় জরিমানা করা হয়েছে। কিন্তু ৩৮ বছরের ওই ভদ্রলোক তারপরেও শোধরাননি। প্রথম ৩৩ বার এই অপরাধের জন্য তাকে প্রতিবার ৬০০ সিঙ্গাপুরি ডলার (প্রায় ৩৭ হাজার টাকা) করে জরিমানা করা হয়েছে। ৩৪তম বার তাকে শাস্তি হিসেবে ‘শাস্তি ভোগ করছি’ লেখা ড্রেস পরে সুইপারের কাজও করানো হয়েছে। এরপরেও একই অপরাধ করায় এত বিশাল অঙ্কের জরিমানা করা হয়েছে।
উল্লেখ্য, সিঙ্গাপুর পরিচ্ছন্নতার জন্য বিখ্যাত। এই ব্যাপারে দেশটির প্রশাসন আপোষহীন। গোটা শহরে শত শত সিসি ক্যামেরা লাগানো আছে অপরাধীদের ধরতে। যত গোপনেই ময়লা আবর্জনা ফেলে নোংরা করা হোক না কেন, কিছুক্ষণের মধ্যেই ছুটে এসে পথ আগলে দাঁড়াবে পুলিশ। এরপর জরিমানা কিংবা অন্য কোনো দন্ড। -রয়টার্স
