সৌদি বাদশাহ আব্দুল্লাহ আর নেই

আপডেট : ২৩ জানুয়ারি ২০১৫, ১৭:৪৬

সৌদি আরবের বাদশাহ আব্দুল্লাহ বিন আব্দ্লু আজিজ শুক্রবার ইন্তেকাল করেছেন (ইন্না...রাজিউন)। সৌদি রাজপরিবারের একজন কর্মকর্তা টেলিভিশনে বাদশাহ আব্দুল্লাহর মৃত্যুর বিষয়টি ঘোষণা করেন। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৯০ বছর। ঘোষণায় বলা হয়, স্থানীয় সময় শুক্রবার রাত একটায় তিনি মারা যান। খবর এএফপির।
বাদশাহ আব্দুল্লাহ্ কয়েক সপ্তাহ আগে নিউমোনিয়ায় আক্রান্ত হয়েছিলেন। এরপর থেকেই ফুসফুসে প্রদাহ নিয়ে কয়েক সপ্তাহ ধরে তিনি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
এর আগে তিনি বেশ কয়েকবার অসুস্থ হয়ে পড়েছিলেন।
ইতিমধ্যেই তার সৎভাই ৭৯ বছর বয়সী সালমানকে দেশটির নতুন বাদশাহ বলে ঘোষণা করা হয়েছে। তিনি অবশ্য আব্দুল্লাহ অসুস্থতার পর থেকেই প্রশাসনিক দায়িত্ব পালন করে আসছিলেন।
২০০৫ সালে বাদশাহ হিসেবে অধিষ্ঠিত হন আব্দুল্লাহ। আব্দুল্লাহ তার ভাই বাদশাহ ফাহাদের স্থলাভিষিক্ত হয়েছিলেন।
সৌদি আরবে বেশ কিছু সংস্কারের কৃতিত্ব রয়েছে বাদশাহ আব্দুল্লাহ। তার মধ্যে নারীদের ভোটের অধিকার অন্যতম।
তার মৃত্যুতে রাষ্ট্রপতি আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা শোক জানিয়েছেন।

এক শোকবার্তায় রাষ্ট্রপতি সৌদি বাদশাহর রুহের মাগফেরাত কামনা করেন। তিনি শোকসন্তপ্ত রাজকীয় পরিবারের সদস্যদের প্রতি গভীর সহানুভূতি জানান।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাদশা আব্দুল্লাহর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।