ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেছেন, বোমা মেরে মানুষ হত্যার জন্য হুকুমের আসামি হিসেবে খালেদা জিয়াকে গ্রেফতার করা এখন জনগণের দাবি। জনগণ তাকে গ্রেফতার দেখতে চায়।
শুক্রবার বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে শীতার্তদের মাঝে বস্ত্র ও কম্বল বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। রোকেয়া ফাউন্টেশনের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে সহযোগিতা করে ঢাকা বিভাগ জাতীয় শ্রমিক লীগ।
রোকেয়া ফাউন্ডেশনের চেয়ারম্যান জাহিদ হাসানের সভাপতিত্বে আয়োজিত কর্মসূচিতে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আবদুল হক সবুজ, দফতর সম্পাদক সহিদুল ইসলাম মিলন, সংগঠনের প্রধান উপদেষ্টা তারাপদ নন্দী প্রমুখ।
মোফাজ্জল হোসেন চৌধুরী বলেন, ২০১৯ সালের আগে বাংলাদেশে কোন নির্বাচন হবে না। যার হাত রক্তে রঞ্জিত, যিনি মানুষ হত্যা করে ডাইনীতে পরিণত হয়েছেন- তার সঙ্গে কোন সংলাপ হবে না।
মায়া বলেন, দেশের মানুষ শীতে কাতর। আর খালেদা জিয়া ক্ষমতায় যেতে মানুষ হত্যা করছেন। দুর্নীতির মামলা থেকে বাঁচতে ও যুদ্ধাপরাধীদের বাঁচাতে অহেতুক হরতাল-অবরোধ দিয়েছেন তিনি। মানুষ পুড়িয়ে তিনি হত্যা করছেন ও অন্যদিকে উল্লাস করছেন। তার এই নৈরাজ্য মেনে নেওয়া যায় না।তিনি ষড়যন্ত্র করছেন। যতই ষড়যন্ত্র করুন, শেখ হাসিনার সরকারের উন্নতি-অগ্রগতি বাধাগ্রস্ত করতে পারবেন না।
দলীয় নেতাকর্মীদের উদ্দেশে মায়া বলেন, যারা হরতাল-অবরোধে নাশকতা করে, বোমা মারে, আগুন দিয়ে মানুষ পোড়ায়-তাদের বিরুদ্ধে পাড়া-মহল্লায় প্রতিরোধ কমিটি গঠন করতে হবে। নাশকতাকারীদের খুজে বের করে পুলিশের হাতে সোপর্দ করতে হবে।
