দেশে কোনো রাজনৈতিক সংকট নেই: খাদ্যমন্ত্রী

আপডেট : ২৩ জানুয়ারি ২০১৫, ১৯:৩২
 
 
খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম বলেছেন, দেশে এখন কোনো রাজনৈতিক সংকট নেই, সন্ত্রাসের বিরুদ্ধে লড়াই চলছে। তবে সন্ত্রাসীদের মোকাবেলা রাজনীতি দিয়ে হয় না। তারা যেমন কুকুর তেমন মুগুর দিতে হবে। তাদের সঙ্গে কঠোর আচরণ করা হবে। তিনি বলেন, সন্ত্রাসী আচরণ পরিত্যাগ করে বিএনপি রাজনৈতিক ও গণতান্ত্রিক পথে ফেরত আসলেই তাদের সাথে সংলাপ হতে পারে।
শুক্রবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে বাংলাদেশ ইউনাইটেড ইসলামী পার্টির উদ্যোগে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। রাজনীতির নামে জ্বালাও, পোড়াও, নৈরাজ্যের সৃষ্টি ও বিশ্ব ইজতেমাকে পিকনিকের সঙ্গে তুলনা করার প্রতিবাদে এ আলোচনা সভার আয়োজন করা হয়।
আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা ‘অ্যামনেস্টি ইন্টারন্যাশনালকে’ বিএনপির  বেতনভুক্ত বা পেইড সংগঠন হিসেবে আখ্যায়িত করে খাদ্যমন্ত্রী বলেন, অ্যামনেস্টি একটি বিশেষ দলের এজেন্ডা বাস্তবায়ন করছে। ওই সংস্থার কিছু ব্যক্তি সরকারকে উপদেশ দিচ্ছে, কিন্তু বিএনপির সন্ত্রাসী কর্মকান্ডের বিরুদ্ধে কোনো কথা বলছে না।
কামরুল ইসলাম বলেন, বিএনপি ধ্বংসাত্মক কর্মকাণ্ডের মাধ্যমে নিজেদেরকেই ধ্বংস করছে। বিএনপিতে অনেক শুভবুদ্ধির নেতা আছেন। তাদের উচিত খালেদা জিয়ার নেতৃত্ব পরিত্যাগ করা।
বাংলাদেশ ইউনাইটেড ইসলামী পার্টির চেয়ারম্যান মাওলানা ইসমাইল হোসেনের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান, মুফতি শহিদুল্লাহ, আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য আমিনুল ইসলাম প্রমুখ।