খালেদা জিয়া পুড়িয়ে মানুষের চেহারা পাল্টে দিচ্ছেন: শাহজাহান খান

আপডেট : ২৩ জানুয়ারি ২০১৫, ১৯:৩৬
নৌ-পরিবহনমন্ত্রী শাহজাহান খান বলেছেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া পেট্রোলবোমায় পুড়িয়ে বাংলার সকল মানুষের চেহারা পাল্টে দিচ্ছেন। গতকাল শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে তিনি এ কথা বলেন।
‘জ্বালাও পোড়াও, শ্রমিক ও নিরীহ মানুষ হত্যা, শিক্ষা-ব্যবসা-বাণিজ্য, পরিবহন ও শিল্প কারখানা ধ্বংসের যড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়াও’ শীর্ষক এ সমাবেশের আয়োজন করে শ্রমিক-কর্মচারী-পেশাজীবী-মুক্তিযোদ্ধা সমন্বয় পরিষদ।
সমাবেশে বক্তব্য রাখেন সংসদ সদস্য শিরিন আখতার, মুক্তিযোদ্ধা সংসদের ভাইস চেয়ারম্যান ইসমত কাদের গামা, আন্তঃজেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি তাজুল ইসলাম, শ্রমিক জোট নেতা আব্দুল ওয়াহিদ, পরিবহন শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মুখলেছুর রহমান প্রমুখ
শাহজাহান খান বলেন, খালেদা জিয়া এক সমাবেশে জনগণের উদ্দেশে বলেছিলেন- আমি ক্ষমতায় গেলে আপনাদের চেহারা পাল্টে দেব। এখন তিনি ক্ষমতায় যাওয়ার জন্য পেট্রোলবোমা দিয়ে জ্বালিয়ে দেশের মানুষের চেহারা পাল্টে দিচ্ছেন।
তিনি বলেন, খালেদার সহিংসতায় ২০১৩ সালে সারাদেশে ৫৮ শ্রমিক প্রাণ হারিয়েছেন। চলমান সহিংসতার কয়েক দিনে আরো ১১ শ্রমিক প্রাণ হারান। দেশের সাধারণ শ্রমিক সমাজ আর কত দিন জ্বালাও পোড়াও সহ্য করবে?
শাহজাহান খান এ সময় রাজনীতির নামে সহিংসতার বিরুদ্ধে ৩০ জানুয়ারি ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে সমন্বয় পরিষদের সমাবেশের ঘোষণা দেন।
শিরিন আখতার বলেন, সহিংসতা চালানো অপশক্তিকে নির্মূল না করে রাজপথ ছাড়ব না।