স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলছেন, বিএনপি নেত্রী খালেদা জিয়াকে গ্রেফতারের জন্য ক্ষমতাসীন দলের অনেক নেতা-এমপি দাবি জানালেও এরকম কোন নির্দেশ মন্ত্রণালয়ে এখনো আসেনি। শুক্রবার তিনি বিবিসি বাংলাকে এ কথা বলেন।
উল্লেখ্য, গত কয়েকদিন ধরেই বাংলাদেশে সরকারের মন্ত্রী এবং ক্ষমতাসীন দলের নেতারা প্রয়োজনে খালেদা জিয়াকে গ্রেফতার করা হতে পারে বলে ইঙ্গিত দিচ্ছেন।
বিএনপি-নেতৃত্বাধীন বিরোধীজোটের ডাকা অবরোধ-হরতালের সময় সারাদেশে গত ৫ই জানুয়ারির পর থেকে সহিংসতা এবং যানবাহনে অগ্নিসংযোগের ঘটনা ঘটছে। এতে এ পর্যন্ত অন্তত ৩২ জন নিহত হয়েছেন।
এই প্রেক্ষাপটে জাতীয় সংসদে গত দুদিনে আওয়ামী লীগ ও জাতীয় পার্টির বেশ কয়েকজন এমপি খালেদা জিয়াকে 'নাশকতার জন্য বিচার সম্মুখীন করা' এবং গ্রেফতারের দাবি জানিয়েছেন।
