খালেদা জিয়ার স্থান সংলাপের টেবিলে নয়, কারাগারে: তথ্যমন্ত্রী

আপডেট : ২৪ জানুয়ারি ২০১৫, ১৬:০৯
 
তথ্যমন্ত্রী ও জাসদ (জাতীয় সমাজতান্ত্রিক দল) সভাপতি হাসানুল হক ইনু বলেছেন, সরকারের সমালোচনার আগে মানুষ পুড়িয়ে মারার অপরাধে খালেদা জিয়াকে রাজনীতি থেকে বিদায় নিতে হবে। তার স্থান আলোচনার টেবিলে নয়, কারাগারে। শনিবার কুষ্টিয়া সার্কিট হাউসে স্থানীয় সাংবাদিকদের তিনি এই কথা বলেন।
হাসানুল হক ইনু বলেন, আগুনে মানুষ পোড়ানো বন্ধ না করে বেগম খালেদা জিয়াকে গ্রেফতার না করার আবদার জাতির সঙ্গে রসিকতার সামিল।
টেলিভিশন মালিকদের সাথে সরকারের শীর্ষ পর্যায়ের মন্ত্রীদের বৈঠক সম্পর্কে তিনি বলেছেন, এটি গণমাধ্যমের সাথে নিয়মিত বৈঠকের অংশ। নাশকতা-অর্ন্তঘাত বন্ধ করার জন্য সরকারের যে উদ্যোগ চলছে, সে ব্যাপারে গণমাধ্যমের সহযোগিতা চাওয়া হয়েছে।
এ সময় আরো উপস্থিত ছিলেন-জেলা জাসদের সাধারণ সম্পাদক আব্দুল আলীম স্বপন, যুগ্ম সম্পাদক জিল্লুর রহমান প্রমুখ।