বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকো ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। বাংলাদেশ সময় শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে মালয়েশিয়ায় তিনি মারা যান।
খালেদা জিয়ার প্রেসসচিব মারুফ কামাল খান ইত্তেফাককে জানান, বাসায় অসুস্থ হয়ে পড়লে কোকোকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি আরো জানান, কুয়ালালামপুরের মালয়া হাসপাতালে আরাফাত রহমানের লাশ রাখা হয়েছে। খালেদা জিয়ার পরিবারের পক্ষ থেকে কয়েকজন সদস্য আজ রাতে মালয়েশিয়ার উদ্দেশ্যে রওনা দেবেন। রবিবার বাদ জোহর কুয়ালালামপুরের জাতীয় মসজিদে তার প্রথম জানাজা হবে। সোমবার তার লাশ দেশে নিয়ে আসা হতে পারে। তবে কোথায় দাফন করা হবে সে বিষয়ে কিছু জানানো হয়নি। এ ব্যাপারে খালেদা জিয়ার সাথে তার পরিবারের সদস্যদের আলোচনা চলছে। সিদ্ধান্ত চূড়ান্ত হলে আনুষ্ঠানিকভাবে জানানো হবে।
উল্লেখ্য, আরাফাত রহমান কোকো অনেকদিন ধরেই হৃদরোগে ভুগছিলেন।
২০০৭ সালে সেনা বাহিনী সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে আরাফাত রহমান কোকের বিরুদ্ধে বেশ কটি দুর্নীতির মামলা করা হয়। এসব মামলায় তাকে গ্রেফতার করে কারাগারেও পাঠানো হয়। জেল থেকে ছাড়া পাওয়ার পর থেকেই তিনি বিদেশে নির্বাসিত জীবন-যাপন করছিলেন।
আরাফাত রহমানের স্ত্রী এবং দুই কন্যাও তার সঙ্গে মালয়েশিয়ায় থাকতেন।
