কোহলির উচিত চার নম্বরেই ব্যাটিং করা: ভিভ রিচার্ডস

আপডেট : ২৪ জানুয়ারি ২০১৫, ১৭:২৫
 
 
অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজে দুর্দান্ত ফর্ম প্রদর্শন করেছেন ভারতের বিরাট কোহলি। কিন্তু ত্রিদেশীয় সিরিজে প্রথম দুই ম্যাচে পুরোপুরিই ব্যর্থ তিনি। আর এই দুই ম্যাচেই চার নম্বরে ব্যাটিং করেছেন কোহলি। তাই ব্যাটিং অর্ডারে তিন নম্বর থেকে চার নম্বরে নেমে যাওয়ায় কোহলির ব্যাটিং-এর প্রভাব পড়ছে বলে ধারনা করছেন অনেকেই। কিন্তু এমন ধারনার সাথে মোটেও একমত নন ওয়েস্ট ইন্ডিজের লিজেন্ড ভিভ রিচার্ডস। তার মতে, ‘আমি বিশ্বাস করি চার নম্বর স্থানটি যেকোন ভালো ব্যাটসম্যানের জন্য উপযুক্ত জায়গা। কোহলির জন্যও এটি ভালো জায়গা। যদি ভারতের নির্দিষ্ট পরিকল্পনা থাকে, তবে দলের প্রয়োজনে চার নম্বরেই ব্যাটিং করা উচিত কোহলির।’
 
অস্ট্রেলিয়ার বিপক্ষে চার ম্যাচের টেস্ট সিরিজের আট ইনিংসে ৬৯২ রান করেন কোহলি। পুরো সিরিজে ভারতের হয়ে একরকম একাই লড়েছেন তিনি। টেস্ট সিরিজে কোহলির এমন ফর্মে, অনেকেই ভেবেছিলেন ত্রিদেশীয় সিরিজেও ব্যাটিং হাতে রানের ফুলঝুড়ি অব্যাহত থাকবে তার। কিন্তু টুর্নামেন্টে ভারতের হয়ে প্রথম দুই ম্যাচে চার নম্বরস্থানে খেলতে নেমে ব্যর্থতার ষোলকলাই পূর্ণ করেছেন কোহলি।
 
মেলবোর্নে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৯ ও ব্রিসবেনে ইংল্যান্ডের বিপক্ষে মাত্র ৪ রান করেন কোহলি। সাধারণত ওয়ানডেতে তিন নম্বর স্থানেই ব্যাট হাতে নামেন তিনি। কিন্তু এ দু’ম্যাচে চার নম্বরস্থানে ব্যাটিং করেন কোহলি। আর তাতেই কোহলির ফর্মের এমন দশা বলে মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা। কিন্তু এমন ধারনার সাথে মোটেই একমত নন রিচার্ডস, ‘আমি বিশ্বাস করি চার নম্বর স্থানটি যেকোন ভালো ব্যাটসম্যানের জন্য উপযুক্ত জায়গা। কোহলির জন্যও এটি ভালো জায়গা। যদি ভারতের নির্দিষ্ট পরিকল্পনা থাকে, তবে দলের প্রয়োজনে চার নম্বরেই ব্যাটিং করা উচিত কোহলির।’
 
দলের পরিকল্পনা থাকুক আর নাই থাকুক, অস্ট্রেলিয়ার মত বাউন্সি পীচে কোহলির চার নম্বরেই ব্যাটিং করা উচিত বলে জানালেন রিচার্ডস, ‘অস্ট্রেলিয়ার বাউন্সি উইকেটে দলের সেরা ব্যাটসম্যানের একটু নীচের দিকেই ব্যাট করা উচিত। চার নম্বরস্থানটি উপযুক্ত। যদি চার নম্বরস্থানে ব্যাটিং করে কোহলি, তবে ম্যাচের পরিস্থিতি বেশ ভালোভাবে বুঝতে পারবে এবং নিজের পরিকল্পনাও সহজে সাজাতে পারবে সে।’
 

তিন নম্বরে ব্যাটিং করে ওয়ানডেতে গেল কয়েক বছর অনেক বেশি সাফল্য পেয়েছেন কোহলি। কিন্তু ক্রিদেশীয় সিরিজে চার নম্বরে ব্যাটিং করে পুরোই ব্যর্থ তিনি। তবে এটি নিয়ে উদ্বিগ্ন হবার কিছু নেই বলেও জানালেন রিচার্ডস, ‘নিঃসন্দেহে ভারতের বর্তমান দলের সেরা ব্যাটসম্যান কোহলি। তাই ম্যাচের বেশিরভাগ ওভার তারই খেলা উচিত। আমার মনে হচ্ছে এই চার নম্বরেই ভালো করতে পারবে সে। খুব দ্রুতই রানে ফিরবে কোহলি।’