মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার জন্য আয়োজনের পরশা সাজিয়ে বসেছে ভারত। চলছে ব্যাপক ভোজের আয়োজন। রাষ্ট্রপতি ভবনে আয়োজিত রবিবার রাতের এই খাবারের তালিকায় রয়েছে ভারতীয়দের ঐতিহ্যবাহী খাবার।
ভারতীয় গণমাধ্যমের খবরে জানা গেছে, মেন্যুতে থাকছে গলৌটি কাবাব, সুফিয়ানা ফিশ টিক্কা, ভেজ কাবাব, মাছ দিয়ে সরষের ঝাল, মটন রোগান যোস, চিকেন কোর্মা, ডাল রাইসিনা, কারি পকোরা, ছোলে মশালা, পাপড়, পোলাও, তন্দুরি রুটি, নান সহ ভারতীয় ঘরানার নানা জনপ্রিয় খাবারদাবার থাকছে। শেষপাতে মিষ্টিমুখের ব্যবস্থা থাকছে রাবড়ি আর মালপোয়ায়।
এদিনের প্রীতিভোজে আমন্ত্রিতের তালিকায় রয়েছেন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী ও প্রাক্তণ প্রধানমন্ত্রী মনমোহন সিং। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তো থাকছেনই, সঙ্গে থাকছেন তাঁর ক্যাবিনেটের গুরুত্বপূর্ণ মন্ত্রীরা, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা, দুই দেশের কুটনীতিকরা, ওবামার সঙ্গে ভারত সফরে আসা গোটা প্রতিনিধি দল প্রমুখ। প্রাক্তন রাষ্ট্রপতি এপিজে আব্দুল কালাম, প্রতিভা পাটিলকেও আমন্ত্রণ জানানো হয়েছে।
