সংলাপের সুযোগ হারালো বিএনপি: ওবায়দুল কাদের

আপডেট : ২৫ জানুয়ারি ২০১৫, ১৯:২৬
 
 
সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দরজা থেকে ফিরিয়ে বিএনপি আবারো একটি সংলাপ ও সমঝোতার সুযোগ হারালো।’
 
রবিবার দুপুরে রাজধানীর সরকারি তিতুমীর কলেজে ছাত্রলীগের ৬৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
 
বিএনপির উদ্দেশে ওবায়দুল কাদের বলেন, ‘খালেদা জিয়ার ছেলের মৃত্যুর পর কেউ ভাবেননি প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেখানে যাবেন, কিন্তু সেখানে তিনি গেলেন কারণ তিনি একজন নিবেদিত প্রাণ মা। ১৫ আগস্ট জাতীয় শোক দিবসে বিএনপির কেক কাটার অভিজ্ঞতা রয়েছে, ২১ আগস্ট গ্রেনেড হামলা দেখারও অভিজ্ঞতা আছে, তবুও সব কিছু ভুলে তিনি গিয়েছিলেন মানবতার খাতিরে। কিন্তু বিএনপি যা করেছে তা রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত।’
 

অনুষ্ঠানে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, ‘শনিবার প্রধানমন্ত্রীর সঙ্গে খালেদা জিয়া যে আচরণ করেছেন বাংলার ১৬ কোটি মানুষ তার সমুচিত জবাব দেবে।’