লোকসানে না থাকলেও পল্লী বিদ্যুতায়ন বোর্ড (আরইবি) বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব দিয়েছে। ভর্তুকি কমিয়ে আনতে আরইবি ২৫ দশমিক ৮৯ ভাগ দাম বাড়ানোর প্রস্তাব দিয়েছে বলে গণশুনানীতে জানানো হয়।
রবিবার রাজধানীর কাওরানবাজারস্থ বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) টিসিবি মিলনায়তনে আরইবি’র বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাবের উপর এ গণশুনানি করে। তবে বিইআরসি’র কারিগরি মূল্যায়ন কমিটির পর্যালোচনায় জানানো হয়েছে, গ্রামাঞ্চলে বিদ্যুতের দাম বাড়ানোর প্রয়োজন নেই। বর্তমানে আরইবি বিদ্যুত্ বিক্রি করে লাভ করছে। তবে পাইকারি পর্যায়ে প্রস্তাবিত দাম বাড়ানো হলে দশমিক ২৭ ভাগ লোকসান হবে।
কমিশন চেয়ারম্যান এ আর খানের সভাপতিত্বে অনুষ্ঠিত গণশুনানীতে কমিশনের সদস্য ড. সেলিম মাহমুদ, প্রকৌশলী মো. দেলোয়ার হোসেন, মো. মাকসুদুল হক ও রহমান মুরশেদ উপস্থিত ছিলেন। গণশুনানীতে আরইবি চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মঈনউদ্দিন প্রস্তাব উত্থাপন করেন।
শুনানিতে বলা হয়, ভর্তুকি কমিয়ে আনতে আরইবি ২৫ দশমিক ৮৯ ভাগ দাম বাড়ানোর প্রস্তাব দিয়েছে। কিন্তু হিসাব পর্যালোচনা করে মূল্যায়ন কমিটি বলছে আরইবি’র কোন লোকসান নেই। কমিটি জানায়, যদি সিস্টেম লস ১৩ শতাংশ থাকে আর বিদ্যুতের পাইকারি ও সঞ্চালন মূল্য পাঁচ দশমিক ১৫ এবং এক দশমিক ৫৩ শতাংশ বাড়ানো হয় তবে ২০১৪-১৫ অর্থবছরে আরইবির পরিচালনার জন্য খরচ হবে ১১ হাজার ১৪০ কোটি ৪১ লাখ টাকা। এই সময় আয় হবে ১১ হাজার ১১৩ কোটি ৫৬ লাখ টাকা। ২৬ কোটি ৮৫ লাখ টাকা বা দশমিক ২৭ ভাগ কম থাকে। পাইকারি ও সঞ্চালনে দাম না বাড়ালে চলতি অর্থবছরে ৭২টি পল্লী বিদ্যুত্ সমিতিতে লাভ হবে ৩৬৪ কোটি ৪২ লাখ টাকা।
এর আগে সকালে ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানী লিমিটেডের (ডেসকো) শুনানী হয়। শুনানিতে ডেসকো ১৭ দশমিক ৪৫ শতাংশ দাম বাড়ানোর প্রস্তাব করেছে। ডেসকো’র ব্যবস্থাপনা পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব:) শাহেদ সরওয়ার এ প্রস্তাব উপস্থাপন করে।
গণশুনানীতে বিইআরসি মূল্যায়ন কমিটি জানিয়েছে, ডেসকো লাভ পর্যায়ে আছে। পাইকারি ও সঞ্চালনে দাম বাড়ালেও ডেসকোর লাভ হবে। সে জন্য ডেসকোর গ্রাহকদের বিদ্যুতের দাম কোনভাবেই বাড়ানোর প্রয়োজন নেই। পাইকারি ও সঞ্চালনে দাম বাড়ানোর পরও ডেসকো’র ২০১৪-১৫ অর্থবছরে ৬৮ কোটি নয় লাখ টাকা লাভ হবে। আর যদি কোন দাম বাড়ানো না হয় তবে নীট মুনাফা হবে ২৩৮ কোটি ৩৯ লাখ টাকা।
গ্রাহকদের পক্ষ থেকে গণশুনানিতে কনজ্যুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) এর জ্বালানি উপদেষ্টা এম. শামসুল আলম বলেন, আরইবি ও ডেসকো মুনাফা করছে। তাদেও লোকসান নেই। তাই গ্রাহক পর্যায়ে দাম বাড়ানো উচিত হবে না।
গতকাল বিদ্যুতের সকল বিতরণ কোম্পানির শুনানী শেষ হয়েছে। গত ২০ জানুয়ারী এ গণশুনানী শুরু হয়। আগামী ১০ ফেব্রুয়ারির মধ্যে সব প্রস্তাব যাচাই বাছাই শেষ করে রায় দেয়ার হবে। নতুন যে দাম নির্ধারণ করা হবে তা ১ ফেব্রুয়ারি থেকে কার্যকর হবে।
