এমপি বদির তথ্য চেয়ে এনবিআরে চিঠি দুদকের

আপডেট : ২৫ জানুয়ারি ২০১৫, ২০:৪৩
 
অবৈধ সম্পদ অর্জন মামলার তদন্তে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের এমপি আবদুর রহমান বদির তথ্য চেয়ে জাতীয় রাজস্ব বোর্ডে (এনবিআর) চিঠি দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
রবিবার কার্যালয় থেকে দুদকের উপ-পরিচালক মো. মঞ্জুর মোর্শেদ এনবিআরের সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেলে (সিআইসি) এ চিঠি পাঠিয়েছেন।
দুদক সূত্র জানায়, সংসদ সদস্য বদির বিরুদ্ধে ২০১৪ সালের ২১ আগস্ট রাজধানীর রমনা থানায় অবৈধ সম্পদ অর্জনের মামলা (মামলা নং-৩৭) করে দুদক।
মামলার অভিযোগে বলা হয়, বদি জ্ঞাত আয়বহির্ভূত ১০ কোটি ৮৬ লাখ ৮১ হাজার ৬৬৯ টাকা মূল্যমানের সম্পদ গোপন করে মিথ্যা তথ্য প্রদান করেছেন। এ ছাড়া তিনি অবৈধভাবে অর্জিত সম্পদের বৈধতা দেখানোর জন্য কম মূল্যের সম্পদ ক্রয় দেখিয়ে এক কোটি ৯৮ লাখ তিন হাজার ৩৭৫ টাকা বেশি মূল্যে বিক্রি দেখিয়েছেন।
নির্বাচন কমিশনে জমা দেয়া তার হলফনামার তথ্য অনুসারে, নবম সংসদের সদস্য হওয়ার পর পাঁচ বছরে সংসদ সদস্য বদির আয় বেড়েছে ৩৫১ গুণ। আর নিট সম্পদ বেড়েছে ১৯ গুণের বেশি। ওই পাঁচ বছরে বদি ৩৬ কোটি ৯৬ লাখ ৯৯ হাজার ৪০ টাকা আয় করেছেন। টেকনাফ স্থলবন্দর দিয়ে মিয়ানমারের সঙ্গে আমদানি-রফতানি বাণিজ্য এবং টেকনাফে তেলের ব্যবসা করে তিনি এ টাকা অর্জন করেছেন বলে হলফনামায় উল্লেখ করা হয়।
দুদকের উপ-পরিচালক মো. মঞ্জুর মোর্শেদের নেতৃত্বে দুই সদস্যের একটি দল বদির অবৈধ সম্পদ অর্জন মামলার তদন্ত করছেন