সিজিএ সমবায় ঋণদান সমিতি লিমিটেডের মোট প্রায় আড়াই কোটি টাকা আত্মসাতের অভিযোগে অডিটর ও সমিতির সভাপতি মো. রফিকুল ইসলামসহ তিনজনের বিরুদ্ধে পৃথক দু’টি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
রবিবার দুপুরে রাজধানীর রমনা মডেল থানায় মামলা দু’টি (মামলা নম্বর ৩৮ ও ৩৯) দায়ের করা হয়েছে। দুদকের সহকারী পরিচালক মো. ফজলুল হক বাদী হয়ে মামলা দু’টি দায়ের করেছেন। এ মামলায় যাদের আসামী করা হয়েছে তারা হলেন, অডিটর ও সমিতির সভাপতি মো. রফিকুল ইসলাম, অডিটর (অব.) ও সমিতির সাধারণ সম্পাদক মো. জহিরুল ইসলাম এবং সমিতির ক্যাশিয়ার আবদুল কাদের। দু’টি মামলাতেই ওই তিনজন আসামী হিসেবে রয়েছেন।
দুদক সূত্র জানায়, সমিতির সভাপতি মো. রফিকুল ইসলাম ও সমিতির সাধারণ সম্পাদক মো. জহিরুল ইসলাম দীর্ঘদিন ধরে সরকারি অডিটর পদে চাকরি করেছেন। অথচ বিগত ১০ বছরের বেশি সময় ধরে দায়িত্বে থাকা সত্ত্বেও অসত্ উদ্দেশ্যে তারা ওই সমিতির কোনো অডিট করেননি। তারা সমিতির ক্যাশিয়ার আবদুল কাদেরের সঙ্গে যোগসাজশে বিভিন্ন সময়ে মোট দুই কোটি ৩৩ লাখ ৫৮ হাজার ৭৭৯ টাকা আত্মসাত্ করেছে।
২০১১ সালের ১ জানুয়ারি থেকে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত সময়ে সমিতির এক কোটি ৭৮ লাখ ৮৪ হাজার ১৪৪ টাকা আত্মসাতের অভিযোগে একটি (মামলা নম্বর ৩৮) এবং ২০১০ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত সময়ে সমিতির ৫৮ লাখ ৭৪ হাজার ৬৩৫ টাকা আত্মসাতের অভিযোগ আরেকটি মামলা (মামলা নম্বর ৩৯) করা হয়েছে। দন্ডবিধির ৪০৯/৪০৮/১০৯ ধারা এবং ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় মামলা দু’টি দায়ের করা হয়েছে।
