শ্রীলঙ্কার প্রধান নির্বাচক সনাত্ জয়াসুরিয়া তার দলের বিশ্বকাপ প্রস্তুতিতে সন্তুষ্ট নন। নিউজিল্যান্ডের কাছে সাত ম্যাচের ওয়ানডে সিরিজে স্বাগতিকদের কাছে চতুর্থ হারটির পর তিনি এ মত দেন। জয়সুরিয়া বলেন, ‘নিউজিল্যান্ডে পরিস্থিতি যেভাবে আবর্তিত হচ্ছে তাতে আমি সন্তুষ্ট নই।’
সাবেক এই তারকা ব্যাটসম্যানটি আরো বলেন, ‘দলে উন্নতি করার অনেক ক্ষেত্র রয়েছে এবং আমি আশা করি আগামী কয়েক সপ্তাহে আমরা সমস্যাগুলো ঠিক করতে পারবো। প্রতিদিনই উন্নতি করার সুযোগ আছে। একমাত্র ভালো ব্যাপার হলো- আমরা এখন নিউজিল্যান্ডে খেলছি এবং একই প্রতিপক্ষের বিরুদ্ধে আমরা বিশ্বকাপে আমাদের উদ্বোধনী খেলায় মুখোমুখি হবো।’
জয়সুরিয়া আরো বলেন,‘আমাদের জন্য এখানকার কঠিন পরিবেশে খেলা ভালো একটা সুবিধা। আমরা প্রায় দুই মাস ধরে এখানে টেস্ট এবং ওয়ানডে সিরিজ খেলে পরিস্থিতির সাথে মানিয়ে নেয়ার চেষ্টা করছি। তাছাড়া বিশ্বকাপে একই দেশের বিরুদ্ধে খেলাটাও একটা বিরাট সুবিধা।’
লংকানদের জন্য একটা সমস্যার জায়গা হলো তাদের বোলিং বিভাগ যা কিনা বিপক্ষকে চাপে ফেলেও ক্রমাগত রান দিয়ে যাচ্ছে। দু’টি ম্যাচে নিউজিল্যান্ডকে ৫/১০১ এবং ৫/৯৩ এর মতো পরিস্থিতিতে ফেলে শ্রীলঙ্কা তাদের জয় আটকাতে পারেনি। ব্যাপারটিকে উদ্বেগ হিসেবে দেখছেন জয়াসুরিয়াও, ‘বোলিং বিভাগ আমাদের একটি উদ্বেগের জায়গা। উত্তেজনাকর মুহূর্তে বোলারদের কী করা দরকার এই নিয়ে তাদের পরিকল্পনা থাকা প্রয়োজন।’
তারকা পেসার লাসিথ মালিঙ্গার ইনজুরিতে থাকায় শ্রীলঙ্কা দলের বোলিং বিভাগ অভিজ্ঞতার অভাবে ভুগছে বলে মনে করেন জয়াসুরিয়া। তিনি বলেন, ‘লাসিথ মালিঙ্গার অনুপস্থিতিতে আমাদের বোলিং বিভাগ এই মুহূর্তে অনেক অভিজ্ঞতার ঘাটতিতে রয়েছে। তবে নুয়ান কুলাসেকারা এবং সুরঙ্গা লাকমল চোট থেকে ফিরে ঠিকভাবেই বল করছে।’
