বিএনপি সমর্থক শিক্ষক নেতা অধ্যক্ষ সেলিম রিমান্ডে

আপডেট : ২৫ জানুয়ারি ২০১৫, ২১:৫৯
 
গাড়ি ভাংচুর, অগ্নিসংযোগ ও বিস্ফোরণসহ বিশেষ ক্ষমতা আইনের পৃথক তিন মামলায় বাংলাদেশ শিক্ষক-কর্মচারী ঐক্য জোটের চেয়ারম্যান অধ্যক্ষ সেলিম ভূঁইয়ার মোট ১৪ দিন রিমান্ড মঞ্জুুর করেছেন আদালত।
রাজধানীর যাত্রাবাড়ীর এ কে স্কুল এ্যান্ড কলেজের অধ্যক্ষের কার্যালয় থেকে শনিবার তাকে আটক করা হয়।
রবিবার পৃথক তিন মামলার তদন্ত কর্মকর্তা আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিন করে রিমান্ড আবেদন করেন।
আদালতে আসামির রিমান্ড বাতিল করে জামিন চান তার আইনজীবীরা। শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম মিজানুর রহমান তিন মামলার একটিতে ৪ দিন এবং অন্য দুই মামলায় ৫ দিন করে রিমান্ড মঞ্জুর করেন।
যাত্রাবাড়ীর কাঠেরপুল এলাকায় শুক্রবার রাতে একটি যাত্রীবাহী বাসে পেট্রোলবোমা ছোড়া হলে ৩১ জন দগ্ধ হন। এ ঘটনায় যাত্রাবাড়ী থানায় এ তিনটি মামলা করা হয়।
এ ঘটনায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে হুকুমের আসামি করে দলটির ১৮ নেতাসহ ৫০ জনের বিরুদ্ধে তিনটি মামলা করে পুলিশ।
মামলার এজাহারে বলা হয়, গত ৫ জানুয়ারি খালেদা জিয়া দেশব্যাপী অবরোধের ডাক দেন এবং অবরোধের মাধ্যমে সরকার পতন না হওয়া পর্যন্ত দেশে অচলাবস্থা নিশ্চিত করার জন্য বিএনপি ও জোটের কেন্দ্রীয় নেতাকর্মীদের নির্দেশ দেন। তারই নির্দেশে বিএনপির কেন্দ্রীয় কমিটির ব্যারিষ্টার রফিকুল ইসলাম মিয়া, অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন, শিমুল বিশ্বাস, রুহুল কবির রিজভী, আমানউল্লাহ আমান, হাবিব-উন-নবী খান সোহেলসহ ১৮ নেতার পরিকল্পনায় এবং বাস্তবায়নকারী হিসেবে যাত্রাবাড়ি-ডেমরা এলাকার বিএনপির সাবেক সাংসদ সালাউদ্দিন আহমেদসহ থানা বিএনপির ৫০ নেতাকর্মীর নাম উল্লেখ করে অজ্ঞাতনামারা চরম নৈরাজ্য , ভীতি সৃষ্টি ও পুড়িয়ে মানুষ মারার জন্য গাড়ীতে পেট্রল বোমা মেরে গাড়ীতে আগুন ধরিয়ে দেয়। ফলে গাড়ীতে থাকা ৩১ জন নিরীহ সাধারন জনগন অগ্নিদগ্ধ হয়। বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিত্সাধীন। এদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।