খালেদা জিয়াকে হুকুমের আসামি করে মামলা

আপডেট : ২৬ জানুয়ারি ২০১৫, ০১:২৬

পেট্রোলবোমা নিক্ষেপ করে রাজধানীর যাত্রাবাড়ী কাঠেরপুল এলাকায় একটি যাত্রীবাহী বাসে আগুন দেয়ার ঘটনায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে হুকুমের আসামি করে মামলা করেছে পুলিশ। যাত্রাবাড়ী থানার এসআই কেএম নূরুজ্জামান গত শনিবার এ মামলা দায়ের করেন। মামলার এজাহারে বলা হয়েছে, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া গত ৫ জানুয়ারি দেশব্যাপী অবরোধের ডাক দেন এবং সরকারের পতন না হওয়া পর্যন্ত দেশে অচলাবস্থা নিশ্চিত করতে নেতা-কর্মীদের নির্দেশ দেন। তার ওই নির্দেশেই আসামিরা বাসে নাশকতা ঘটান। এছাড়া পেট্রোলবোমা হামলার পরিকল্পনাকারী হিসেবে বিএনপির আরও ১৮ জন নেতার নাম উল্লেখ করা হয়েছে। আর পরিকল্পনা বাস্তবায়নকারী হিসেবে অভিযুক্ত করা হয়েছে যাত্রাবাড়ী এলাকার ৫০ জন স্থানীয় নেতা-কর্মীকে। এজাহারে আসামিদের বিরুদ্ধে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ১৫/২৫(ঘ) ধারায় অভিযোগ আনা হয়েছে।