মেহেরপুর সদর উপজেলার আমঝুপি গ্রামের দুইটি বাড়িতে হানা দিয়ে নগদ টাকাসহ লক্ষাধিক টাকার মালামাল লুটে নিয়েছে একদল ডাকাত। ডাকাতদলকে প্রতিরোধ করতে গিয়ে বোমা ও মারধরে আহত হয়েছেন স্থানীয় তিন জন। ঘটনাস্থল থেকে দুইটি অবিষ্ফোরিত বোমা উদ্ধার করেছে পুলিশ।
ভুক্তভোগী সূত্রে জানা গেছে, সোমবার ভোর রাত সাড়ে চারটার দিকে আমঝুপি গ্রামের উত্তরপাড়ার কুয়েত প্রবাসী এনামুল হকের বাড়িতে হানা দেয় একদল সশস্ত্র ডাকাত। অস্ত্রের মুখে বাড়ির লোকজনকে জিম্মি করে নগদ টাকা ও মালামাল লুটে নেয়। এরপরে এনামুলের প্রতিবেশী হাশেম আলীর বাড়িতে একই কায়দায় ডাকাতি করে। বাধা দেয়ায় হাশেম আলীর ছেলে তুহিন ও নাহিদকে বেধড়ক মারপিট করে আহত করে। খবর পেয়ে গ্রামবাসী প্রতিরোধ গড়ে তুললে ডাকাতদল তাদের লক্ষ্য করে কয়েকটি বোমা নিক্ষেপ করে। বিকট শব্দে তিনটি বোমার বিস্ফোরণ ঘটে। বোমা বিস্ফোরণে আহত হাশেম আলী, নাহিদ ও তুহিনকে রাতেই মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করানো হয়।
মেহেরপুর অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার আলী শেখ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। ঘটনাস্থল থেকে অবিস্ফোরিত দুইটি বোমা উদ্ধার করা হয়েছে।
