নাশকতাকারীদের ধরতে ডিএমপির পুরস্কার ঘোষণা

আপডেট : ২৬ জানুয়ারি ২০১৫, ১৪:৫৪
 
ঢাকায় গাড়িতে অগ্নিসংযোগকারী, বোমাবাজ ও নাশকতাকারীদের ধরিয়ে দিলে এক লাখ টাকা পুরস্কার দেয়ার ঘোষণা দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। সোমবার ডিএমপির মিডিয়া সেন্টারে কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন।
আছাদুজ্জামান মিয়া বলেন, ককটেল বা পেট্রোল বোমা হামলাকারীকে গ্রেফতারের সহায়তা ৫০ হাজার এবং বোমা মজুদ বা প্রস্তুতের তথ্য প্রদানের মাধ্যমে কোনো অপরাধীকে গ্রেফতারে সহায়তা করলে ২৫ হাজার টাকা দেয়া হবে।
তথ্যদাতাদের মোবাইল ফোনের মাধ্যমে তথ্য প্রদানের জন্য পুলিশের নিয়ন্ত্রণ কক্ষ, গোয়েন্দা পুলিশের নিয়ন্ত্রণ কক্ষ, ঢাকার আটটি পুলিশীয় বিভাগ ও গোয়েন্দা পুলিশের উত্তর, দক্ষিণ ও পূর্ব কমিশনারদের মোবাইল ফোন নম্বর এবং অতিরিক্ত উপ কমিশনারের (অপারেশন) নম্বর দেয়া হয়েছে। তথ্যদাতাদের পরিচয় গোপন রাখা হবে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়েছে।