বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর মরদেহ মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় মালয়েশিয়া এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকায় পৌঁছাবে।
হযরত শাহজালাল (র.) বিমানবন্দর থেকে কোকোর মরদেহ সরাসরি গুলশান কার্যালয়ে নেয়া হবে মাকে দেখানোর জন্য। এরপর বাদ আসর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে অনুষ্ঠিত হবে নামাজে জানাজা। দাফন হবে বনানীর আর্মি গোরস্তানে। সাত বছর আগে কোকোকে ছেড়ে যেতে হয়েছিল তার মা, ভাই ও প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে। আজ মায়ের কাছে ফিরবেন লাশ হয়ে।
সোমবার এক প্রেস বিজ্ঞপ্তিতে দলের যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী জানান, আরাফাত রহমান কোকোর নামাজে জানাজা সর্বসাধারণের সুবিধার্থে রাজধানীর নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের পরিবর্তে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে বাদ আসর অনুষ্ঠিত হবে। এছাড়া কোকোর গায়েবানা জানাজা বুধবারের পরিবর্তে আগামীকাল মঙ্গলবার সারাদেশে অনুষ্ঠিত হবে।
গত শনিবার বাংলাদেশ সময় দুপুর ১২টার দিকে মালয়েশিয়ার বাসায় অবস্থানকালে হূদরোগে আক্রান্ত হলে কোকোকে ইউনিভার্সিটি অব মালায়া হাসপাতালে নেয়ার পথেই মারা যান। রবিবার বাদ জোহর দেশটির জাতীয় মসজিদ নিগারায় তার প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। পরে কোকোর মরদেহ ইউনিভার্সিটি অব মালায়া মেডিকেল সেন্টারের হিমঘরে রাখা হয়।
