অবরোধে চলমান সহিংসতাকে সন্ত্রাসী কর্মকাণ্ড আখ্যা দিয়ে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন এটা অত্যন্ত গর্হিত কাজ। এ কাজ দেশে চলতে দেয়া উচিত নয়। সহ্যের সীমা পেরিয়ে গেলে মহাবিপদ হবে।
সোমবার রাজধানীর আগারগাঁওয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ওয়ার্ল্ড কাস্টমস দিবসের আলোচনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, দেশের অভ্যন্তরে চলাফেরা করা বিপজ্জনক হয়ে গেছে। প্রতিহিংসার কারণে এ অবস্থা হয়েছে। আমি বলব এটি প্রতিহিংসা। এটা কোন আন্দোলন নয়, পুড়িয়ে মানুষ মারা। আশা করছি বিরোধীদের সুবুদ্ধি হবে। তারা আমার এ বাণী গ্রহণ করে সন্ত্রাসী কর্মকাণ্ড থেকে বেরিয়ে আসবেন। সেই সঙ্গে জঙ্গিবাদ ঠেকাতে সমন্বিত সীমান্ত ব্যবস্থাপনার জোরদারে কাস্টমস বিভাগের প্রতি আহ্বান জানান তিনি।
রাজস্ব বোর্ড (এনবিআর) আয়োজিত ওই অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, প্রধানমন্ত্রীর অর্থনৈতিক বিষয়ক উপদেষ্টা ড. মসিউর রহমান, এফবিসিসিআইয়ের সভাপতি কাজী আকরাম উদ্দিন আহমদসহ ব্যবসায়ী ও এনবিআরের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এতে সভাপতিত্ব করেন এনবিআরের চেয়ারম্যান নজিবুর রহমান।
এ সময় বাণিজ্যমন্ত্রী বলেন, তথাকথিত আন্দোলনের নামে সন্ত্রাস কখনো সফল হবে না।
