টকশোকারীদের সতর্ক করল আওয়ামী লীগ

আপডেট : ২৬ জানুয়ারি ২০১৫, ১৮:৩৯
 
আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে সোমবার এক সংবাদ সম্মেলনে দলটির যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট জাহাঙ্গীর কবির নানক বলেছেন, বিগত ২০০৪ সালে রাজধানীর শাহবাগে একটি দ্বিতল বাসে অগ্নিসংযোগের ঘটনা নিয়ে কেউ মিথ্যাচার করলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে। যারা টকশো করে বা টকশো সঞ্চালনা করে তাদের কাছেও আমাদের প্রমাণিত নথি-পত্র পাঠিয়ে দেয়ার ব্যবস্থা করব। তারপর যদি কেউ এই মীমাংসিত বিষয় নিয়ে এই ঘটনাকে উদাহরণ হিসেবে উল্লেখ করে কথা বলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থায় যাব।
২০০৪ সালের ৪ জুন আওয়ামী লীগের ডাকা হরতালের পূর্বরাতে শেরাটন হোটেলের সামনে দ্বিতল বিআরটিসিরি বাস পোড়ানোর ঘটনাকে কেন্দ্র করে বিএনপি-জামায়াতের সমর্থকদের সম্প্রতিক বক্তব্যের প্রতিক্রিয়া জানাতেই এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
১১ বছর আগের ওই ঘটনাটি ইতিমধ্যে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক বলে আদালতে প্রমাণিত হয়েছে উল্লেখ করে সংবাদ সম্মেলনে জাহাঙ্গীর কবির নানক বলেন, সেই বিষয়ে নতুন করে মিথ্যাচার নিন্দনীয়। রাজনৈতিক হীন স্বার্থে কেউ যদি সেটাকে পুনঃমঞ্চস্থ করেন তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।