মঙ্গলবার শুরু হচ্ছে তিন দিনব্যাপী পুলিশ সপ্তাহ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকালে রাজারবাগ পুলিশ লাইনস মাঠে বর্ণাঢ্য প্যারেডের মধ্য দিয়ে পুলিশ সপ্তাহ উদ্বোধন করবেন। এদিকে, বীরত্বপূর্ণ ও সেবামূলক কাজের স্বীকৃতিস্বরূপ পুলিশ সপ্তাহে ৮৬ পুলিশ সদস্যকে বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম) ও রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম) দেয়া হচ্ছে। এদের মধ্যে তিনজনকে দেয়া হচ্ছে মরণোত্তর পুলিশ পদক। ২৭ জানুয়ারি থেকে শুরু হয়ে ২৯ জানুয়ারি পর্যন্ত চলবে পুলিশ সপ্তাহ।
পুলিশ সপ্তাহ উপলক্ষে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী পৃথক বাণী দিয়েছেন। রাষ্ট্রপতি তার বাণীতে বলেছেন, পরিবর্তিত বৈশ্বিক প্রেক্ষাপটে পুলিশকে একটি আধুনিক, প্রযুক্তিনির্ভর ও জনবান্ধব প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার লক্ষ্যে বর্তমান গণতান্ত্রিক সরকার আন্তরিকভাবে কাজ করে। বাংলাদেশ পুলিশ দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা রক্ষার পাশাপাশি জঙ্গিবাদ নিয়ন্ত্রণসহ অপরাধ দমনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও প্রশংসনীয় ভূমিকা রেখে যাচ্ছে। দেশের সীমানা পেরিয়ে আজ বিশ্বের বিভিন্ন যুদ্ধবিধ্বস্ত দেশে শান্তি প্রতিষ্ঠায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে এ বাহিনীর সদস্যগণ অত্যন্ত গুরুত্বপূর্ণ ও বলিষ্ঠ ভূমিকা পালন করছে।
প্রধানমন্ত্রীর তার বাণীতে বলেন, দেশের সকল প্রয়োজন ও সংকটকালে বাংলাদেশ পুলিশ জনগণের জীবন ও সম্পদের নিরাপত্তা বিধানে নিষ্ঠা ও আন্তরিকতার সাথে দায়িত্ব পালন করছে।
সরকারের অঙ্গীকার ‘রূপকল্প-২০২১’ ও রূপকল্প-২০৪১ বাস্তবায়নে বাংলাদেশ পুলিশ অন্যতম নিয়ামক শক্তি হিসেবে নিরলসভাবে কাজ করে যাবে। পুলিশকে আধুনিক রাষ্ট্রের দৃশ্যমান অবয়ব হিসেবে বিবেচনা করা হয়। দেশের শান্তি-শৃঙ্খলা রক্ষা ও জননিরাপত্তা বিধানে বাংলাদেশ পুলিশ মুখ্য ভূমিকা পালন করছে।
সরকারের অঙ্গীকার ‘রূপকল্প-২০২১’ ও রূপকল্প-২০৪১ বাস্তবায়নে বাংলাদেশ পুলিশ অন্যতম নিয়ামক শক্তি হিসেবে নিরলসভাবে কাজ করে যাবে। পুলিশকে আধুনিক রাষ্ট্রের দৃশ্যমান অবয়ব হিসেবে বিবেচনা করা হয়। দেশের শান্তি-শৃঙ্খলা রক্ষা ও জননিরাপত্তা বিধানে বাংলাদেশ পুলিশ মুখ্য ভূমিকা পালন করছে।
এদিকে, ২০১৪ সালে অসীম সাহসিকতা, বীরত্বপূর্ণ কাজ, দক্ষতা, কর্তব্যনিষ্ঠা, সততা ও শৃঙ্খলামূলক আচরণের জন্য চারটি শ্রেণীতে ভাগ করে পুলিশ সদস্যদের পদক প্রদান করা হবে।
এরমধ্যে অসীম সাহসিকতা ও বীরত্বপূর্ণ কাজের জন্য ১০ জনকে বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম) ও ১৬ জনকে রাষ্ট্রপতি পুলিশ পদ (পিপিএম) দেয়া হচ্ছে। এছাড়া গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদঘাটন, অপরাধ নিয়ন্ত্রণ, দক্ষতা, কর্মনিষ্ঠা,সততা ও শৃঙ্খলামূলক আচরণের জন্য ২০ জনকে বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম)- সেবা ও ৪০ জনকে রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম)- সেবা দেয়া হবে। মরনোত্তর পদক পাওয়া তিন পুলিশ সদস্য হলো-কনস্টেবল ইমাম উদ্দিন, আবদুল আওয়াল ভুঞা ও আব্দুল মালেক।
