জয়পুরহাটে ট্রাকের ধাক্কায় স্কুলছাত্র নিহত

আপডেট : ২৭ জানুয়ারি ২০১৫, ১২:৩৬
জয়পুরহাট শহরে শিল্পকলা একাডেমীর সামনের রাস্তায় মঙ্গলবার ট্রাকের ধাক্কায় স্কুলগামী এক ছাত্র নিহত হয়েছে। নিহত এলেম হোসেন তালীমুল ইসলাম স্কুল এন্ড কলেজের ৬ষ্ঠ শ্রেণীর ছাত্র ছিল।
এ ঘটনার প্রতিবাদে বিক্ষুব্ধ এলাকাবাসী জয়পুরহাট-ধামুইরহাট, জয়পুরহাট-পাহারপুর- নওগাঁ সড়ক প্রায় দুই ঘণ্টা অবরোধ করে রাখে।
এদিকে পুলিশ ঘাতক ট্রাকসহ ড্রাইভারকে আটক করেছে।
জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রশিদ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে আটটার দিকে পৌর এলাকার গাড়িয়াকান্ত এলাকার সোহেল হোসেনের ছেলে এলেম হোসেন হেঁটে স্কুলে যাওয়ার সময় পিছন থেকে একটি ট্রাক তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই এলেনের মৃত্যু হয়। এ খবর ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধ এলাকাবাসী এর বিচার দাবি করে প্রায় দুই ঘণ্টা সড়ক অবরোধ করে রাখে। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।