টিউবয়েল স্থাপনকালে

নবাবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৩ শ্রমিকের মৃত্যু, আহত ৬

আপডেট : ২৭ জানুয়ারি ২০১৫, ১৪:২২
ঢাকার নবাবগঞ্জ উপজেলায় আর্সেনিক মুক্ত টিউবয়েল স্থাপনকালে বিদুৎস্পৃষ্ট হয়ে তিন শ্রমিকের মৃত্যু হয়েছে। এতে আরো ছয় শ্রমিক আহত হয়েছেন। মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার বাহ্রা ইউনিয়নের বাহ্রা পশ্চিমপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন হাফিজুল (২২), সুজা (১৮), মালেক (৩২)। নিহতদের বাড়ি লালমনিরহাট জেলার কালিগঞ্জ থানার বিনবিনা গ্রামে। গুরুতর আহত রজ্জব আলীকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহতরা হলেন, মো. শুকুর আলী (১৮), বাবু (১৮), মিলন (১৯), আজিজুল (২২), জাকির (৩৫)।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে বাহ্রা পশ্চিমপাড়া গ্রামের মো. মঞ্জুর আলমের বাড়িতে আর্সেনিক মুক্ত টিউবয়েল স্থাপন করছিলেন শ্রমিকরা। এ সময় লোহার একটি পাইপ পার্শ্ববর্তী বিদ্যুতের তারে পড়ে যায়। এতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সুজা ও মালেক নামে দুই শ্রমিক ঘটনাস্থলেই মারা যান। স্থানীয়রা নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আহতদের নিয়ে গেলে হাফিজুল নামে অপর আরেকজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। উন্নত চিকিৎসার জন্য রজ্জব আলী নামে আরেজনকে ঢাকায় পাঠানো হয়েছে। আহত অন্য শ্রমিকদের বিভিন্ন স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা দেয়া হয়। নবাবগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
নবাবগঞ্জ থানার উপপরিদর্শক আরিফুল কায়সার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহতদের খোঁজ নেয়া হয়েছে।