বিশেষ প্রতিনিধি
আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, ‘খালেদা জিয়ার নির্দেশে বিএনপির সন্ত্রাসীরা পেট্রোল বোমায় বহু মায়ের বুক খালি করেছে।’ মঙ্গলবার সকালে জাতীয় শিল্পকলা একাডেমি মিলনায়তনে সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়ার দশম মৃত্যুবার্ষিকী স্মরণে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
হাছান মাহমুদ বলেন, ‘জাতি এখন আশা করছে, খালেদা জিয়া পেট্রোল বোমায় নিহতদের মায়ের আর্তনাদ অনুভব করে মানুষ হত্যার রাজনীতি থেকে সরে আসবেন এবং আন্দোলনের নামে মানুষ হত্যার জন্য ক্ষমা চাইবেন।’
কোকোর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে হাছান মাহমুদ বলেন, ‘সরকার এরই মধ্যে কোকোর জানাজা ও দাফন প্রক্রিয়া যাতে নির্বিঘ্নে হয়, সে জন্য সব ধরনের ব্যবস্থা গ্রহণ করেছে। কিন্তু জানাজার আগে-পরে কেউ যদি বিশৃঙ্খলা করার চেষ্টা করে তাহলে তা কঠোর হাতে দমন করবে সরকার। বিএনপি যদি এ নিয়ে কোনো রাজনীতি করতে চায়, তাহলে জনগণই খালেদা জিয়া ও বিএনপিকে রাজনীতি থেকে বিদায় করে দেবে।’
খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম বলেন, ‘খালেদা জিয়ার বিরুদ্ধে ইতিমধ্যে ঢাকা এবং কুমিল্লায় হুকুমের আসামি করে মামলা হয়েছে। ভবিষ্যতে যেখানেই অরাজকতা হবে, নাশকতা হবে, বোমাবাজি হবে। প্রত্যেকটি ঘটনার জন্য বিএনপি চেয়ারপারসন এবং শীর্ষ নেতারা হুকুমের আসামি হবেন। এতে কোনো ছাড় দেয়ার কারণ নেই।’
আয়োজক সংগঠনের সিনিয়র সহসভাপতি এবং সাংস্কৃতিক ব্যক্তিত্ব ড. ইনামুল হকের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য দেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, অগ্রণী ব্যাংকের পরিচালক এবং আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির সহসম্পাদক বলরাম পোদ্দার, সংগঠনের সাধারণ সম্পাদক অরুণ সরকার রানা প্রমুখ।
